বরিশালে বিএনপি নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের হিজলা উপজেলার ধূলখোলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নান্টু ব্যাপারীকে (৪০) গত বুধবার রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী রত্তন রাঢ়ী নামের সন্দেহভাজন এক ব্যক্তির বাড়িতে আগুন দিয়েছেন।
নান্টু ব্যাপারী ধূলখোলা ইউনিয়নের মাটিওয়ালা গ্রামের কালু ব্যাপারীর ছেলে। তিনি ওই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য। বুধবার রাত পৌনে আটটার দিকে ইউনিয়নের মাটিওয়ালা বাজারে যাওয়ার পথে তাঁকে অপহরণের পর খুন করা হয়।
প্রত্যক্ষদর্শী ও ধূলখোলা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবুল কাশেম বলেন, তিনি ট্রলারে করে নদী পার হচ্ছিলেন। এ সময় তিনি দেখতে পান, নান্টু ব্যাপারীকে জোর করে রত্তন রাঢ়ীর ছেলেরা ট্রলারে উঠিয়ে নিয়ে যান। তিনি দ্রুত বিষয়টি চেয়ারম্যানকে জানান।
চেয়ারম্যান ইকবাল মাতুব্বর বলেন, সন্ধ্যা ছয়টার দিকে আবুল কাশেম তাঁকে নান্টুর অপহরণের বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে পুলিশকে এ খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে পুলিশ চরের মধ্যে খালের পাড় থেকে নান্টুর লাশ উদ্ধার করে। তিনি আরও বলেন, রত্তন রাঢ়ী চুরি-ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলাও আছে। চুরি-ডাকাতিতে বাধা দিতেন নান্টু ব্যাপারী। সেই ক্ষোভে তাঁকে হত্যা করা হতে পারে।
হিজলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূরুল আলম রাজু বলেন, রত্তন রাঢ়ী কয়েকবার ইউপি সদস্যপদে নির্বাচন করে নান্টু ব্যাপারীর কাছে পরাজিত হন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার বলেন, রত্তন রাঢ়ী ও তাঁর দলবল নান্টু ব্যাপারীকে অপহরণ করে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই নাগর ব্যাপারী বাদী হয়ে রত্তন রাঢ়ী, কামাল মোল্লা, জামাল রাঢ়ীসহ ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। কামাল ও জামালকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি আরও বলেন, রত্তন রাঢ়ীর বিরুদ্ধে সাত-আটটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। রত্তন রাঢ়ীর বাড়িতে রত্তন নিজে নাকি ক্ষুব্ধ জনতা আগুন দিয়েছেন, সেটা খতিয়ে দেখা হচ্ছে।