বরিশালে বিএনপির মিছিলে পুলিশের বাধা, আটক ৩
বরিশালে বিএনপির মিছিলে বাধা দেওয়ায় গাড়ি ভাঙচুর করেছেন বিক্ষোভকারী নেতা-কর্মীরা। পরে পুলিশ তিন কর্মীকে আটক করে।
গতকাল শুক্রবার বেলা ১১টায় অশ্বিনী কুমার হলসংলগ্ন বিএনপির কার্যালয় চত্বরে জেলা ও মহানগর বিএনপির সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ।
প্রত্যক্ষদর্শী বিএনপির নেতা-কর্মীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি কার্যালয় সম্মুখে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিএনপি নেতা-কর্মীরা মিছিল বের করলে অশ্বিনী কুমার হলের গেটে মিছিলকারীদের আটকে দেয় পুলিশ। এ সময় মিছিলকারীদের একটি অংশ পুলিশের বাধা উপেক্ষা করে মূল সড়কে ওঠে। নেতা-কর্মীরা মিছিল করে সদর রোড হয়ে হেমায়েতউদ্দিন সড়কে প্রবেশ করেন। একপর্যায়ে তাঁরা ওই সড়কে দুটি ইজিবাইক, একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার ভাঙচুর করেন। পুলিশ বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে চকবাজার সড়কের দিকে নিয়ে যায় এবং লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। পরে কাটপট্টি সড়ক এলাকা থেকে বিএনপির তিন কর্মীকে আটক করে পুলিশ।