বরিশালে বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
বরিশালে এক বিচারকের বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অভিযোগ তুলেছেন আইনজীবীরা। ব্যবস্থা নিতে আইনমন্ত্রী ও প্রধান বিচারপতির কাছে আবেদন করেছে জেলা আইনজীবী সমিতি।
জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ ওবায়দুল্লাহ বলেন, ২ মে বরিশালের জেলা জজ আনোয়ারুল হকের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আইনমন্ত্রী বরাবর আবেদন করেছেন তাঁরা।
আইনমন্ত্রীর কাছে করা লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, জেলা জজ আনোয়ারুল হক অনিয়মের আশ্রয় নিয়ে বিভিন্ন ফৌজদারি মামলায় জামিন ও খালাস দেন।
অভিযোগে আরও বলা হয়েছে, বিচারক আনোয়ারুল হকের বরিশালের বাসভবনে ৭-৮টি গরু, ১০-১২টি ছাগল ও প্রচুর হাঁস-মুরগি রয়েছে। এসব লালন-পালনে তিনি আদালতের ১০-১২ জন কর্মচারীকে ব্যবহার করছেন। লিখিত অভিযোগে বরিশাল আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ ওবায়দুল্লাহ ও সাধারণ সম্পাদক মোখলেচুর রহমানের স্বাক্ষর রয়েছে।
উত্থাপিত অভিযোগ বায়বীয় দাবি করে বরিশাল জেলা ও দায়রা জজ মো. আনোয়ারুল হক বলেন, অভিযোগ যে কেউ করতে পারে। কেউ মন চাইল একটা অভিযোগ করে দিল।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোখলেচুর রহমান বলেন, ‘আমরা আনোয়ারুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনমন্ত্রী এবং প্রধান বিচারপতির কাছে আবেদন দিয়েছি। এই সংবাদ শুনে আনেয়ারুল হকও নিজেকে বরিশাল থেকে প্রত্যাহারের আবেদন করেছেন।’
জানতে চাইলে জেলা ও দায়রা জজ আনোয়ারুল হক গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘অভিযোগের কারণে নয়, আমার অবসরে যাওয়ার আগে আমি ঢাকা যেতে চাই। সে জন্য আবেদন করেছি। অবসরভাতা ঢাকা থেকে তুলতে পারব। তা না হলে বারবার বরিশালে আসতে হবে।’