বরিশালে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে শামীম খান নামে একজন ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ছাড়া চুয়াডাঙ্গায় আনছার আলী নামের আরেক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আনছারের এক স্বজন অভিযোগ করেছেন, সম্প্রতি কালো পোশাকে কয়েকজন অস্ত্রধারী তাঁকে একটি বাড়ি থেকে তুলে নিয়ে যান।

গতকাল শুক্রবার সকালে বরিশালের বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী গ্রামে একটি খালের পাড় থেকে ব্যবসায়ী শামীম খানের (৩৫) লাশ উদ্ধার করে পুলিশ। শামীম ওই গ্রামের হামিদ খানের ছেলে।

নিহত ব্যবসায়ীর মা মালেকা বেগম বলেন, কৃষ্ণকাঠী বাজারে শামীমের প্রসাধন সামগ্রীর দোকান রয়েছে। প্রতিদিন রাত আটটার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন তিনি। কিন্তু গত বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরেননি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। শামীমের মুঠোফোনও বন্ধ ছিল। পরদিন সকালে (গতকাল) লোকজন গ্রামের তালুকদারের মাছের ঘর-সংলগ্ন এলাকায় খালের পাড়ে শামীমের গলা কাটা লাশ দেখতে পান। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ আজিজ বলেন, ‘শামীম খানের দেহ গলা কাটা অবস্থায় খালের পাড় থেকে উদ্ধার করা হয়। ধরন দেখে মনে হচ্ছে, পরিকল্পিতভাবে হত্যা। হত্যারহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশ। মামলা হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ বলেন, সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের কোমরপুর গ্রাম থেকে পুলিশ আনছার আলী (৪৫) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে। গতকাল দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। আনছার আলী পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ঝাঁঝাডাঙ্গা গ্রামের আজিজুল ইসলামের ছেলে। পুলিশের দাবি, তিনি আন্তজেলা ডাকাত দলের সদস্য।

পুলিশ বলেছে, গতকাল বেলা ১১টার দিকে কোমরপুর গ্রামের মাঠে গুলিবিদ্ধ একজনের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে থানায় গিয়ে নিহত ব্যক্তির ভাইপো জহুরুল ইসলাম লাশ শনাক্ত করেন।

জহুরুল বলেন, তাঁর চাচা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় ১০ বছর সাজা ভোগের পর দুই বছর আগে মুক্তি পান। এরপর থেকে সপরিবার ঝাঁঝাডাঙ্গা গ্রামে থাকতেন। তিনি ভারত থেকে গরু এনে বিক্রি করতেন।

জহুরুল বলেন, গত ২২ সেপ্টেম্বর রাতে চাচা আনছার আলী পার্শ্ববর্তী চণ্ডীপুর গ্রামে মামার বাড়ি ছিলেন। ওই রাতে কালো পোশাক পরা অস্ত্রধারী কয়েকজন তাঁকে তুলে নিয়ে যান। এরপর পরিবারের পক্ষ থেকে র‍্যাবের কার্যালয়ে খোঁজ নিলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার তাঁর লাশ পাওয়া যায়।

এ অভিযোগ প্রসঙ্গে পুলিশ বলেছে, এ সম্পর্কে কোনো তথ্য তাদের জানা নেই। তা ছাড়া তারা এমন কোনো অভিযোগ পায়নি। 

দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল খালেক বলেন, নিহত আনছার আলীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে পাঁচটি মামলা রয়েছে। বাঘাডাঙ্গা গ্রামের খ্রিষ্টানপল্লিতে ডাকাতির একটি মামলার প্রধান সন্দেহভাজন আসামিও ছিলেন তিনি।

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে দামুড়হুদা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বাকী বলেন, নিহত আনছার আলীর বাঁ চোয়াল ও পিঠে দুটি গুলির চিহ্ন রয়েছে।