বরিশালে ভরাট করা হচ্ছে দেবোত্তর সম্পত্তির পুকুর

বরিশাল মহানগরের ২১ নম্বর ওয়ার্ডের গোরস্থান রোডে ‘দেবোত্তর সম্পত্তির’ একটি পুকুর ভরাট করা হচ্ছে। ট্রাকে করে মাটি এনে পুকুরে ফেলা হবে। এ জন্য ইতিমধ্যে পাশের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের মাঝখানে মাটির রাস্তা তৈরি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলতাফ মাহমুদ সিকদার ও ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নূরুল ইসলাম এ কাজ করছেন। গত বুধবার থেকে রাস্তা তৈরির কাজ শুরু হয়। পুকুরটি ভরাট করে প্লট আকারে বিক্রি কিংবা স্থাপনা নির্মাণ করা হতে পারে।
গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, গোরস্থান রোডের ৭১ নম্বর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠের মাঝ বরাবর পুকুর পর্যন্ত কাঁচা রাস্তা নির্মাণকাজ প্রায় শেষ। এলাকাবাসী গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পুকুরের পাড়ে মানববন্ধন করেন। তাঁরা পুকুর ভরাট বন্ধ এবং খেলার মাঠ রক্ষার দাবি জানান।
স্থানীয় বাসিন্দা আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, পুকুরটি দেবোত্তর সম্পত্তি। ভুয়া ডিক্রি তৈরি করে পুকুরটি জবরদখলের চেষ্টা করছেন কাউন্সিলর আলতাফ মাহমুদ ও নূরুল ইসলাম। মিজান খসরু নামের আরেক বাসিন্দা বলেন, ‘আমরা ছোটবেলা থেকে শুনে আসছি এই পুকুর শিবঠাকুরের মঠের নামে। এখানে তিনটি দাগ। একটি দাগে থাকা পুকুর দেবোত্তর সম্পত্তি। সেই সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে পুকুর ভরাটের উদ্যোগ নেওয়া হয়েছে।’
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল বলেন, দেবোত্তর সম্পত্তি কেনা-বেচার সুযোগ নেই। মন্দিরের সেবাইত (পুরোহিত) যখন যিনি থাকেন, তিনি ওই সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও ব্যবহার করেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক কাউন্সিলর খালেদা হক বলেন, পুকুরটি এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা করছে। এ ছাড়া বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা যে মাঠে খেলাধুলা করে, সেই মাঠটিও বালু ফেলে ব্যবহারের অযোগ্য করে ফেলা হয়েছে।
পাশে থাকা সংস্কৃতি মজলিশের সহসভাপতি মাহতাব উদ্দিন বলেন, ‘মাঠ নষ্ট করায় শিক্ষার্থী ও আমাদের সদস্যরা খেলাধুলা করতে পারবে না।’
বরিশাল পুকুর-খাল ও নগর সৌন্দর্য রক্ষা কমিটির সদস্যসচিব কাজী এনায়েত হোসেন বলেন, ‘নগরের পুকুরগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। অধিকাংশ পুকুর ভরাট ও দখলের সঙ্গে কাউন্সিলরা জড়িত থাকেন। গোরস্থান রোডে বিদ্যালয়ের পাশের পুকুর ভরাটের সঙ্গেও দুই কাউন্সিলর জড়িত। আমরা অবিলম্বে পুকুর ভরাট বন্ধ এবং বিদ্যালয়ের মাঠের মাটি সরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছি।’
কাউন্সিলর আলতাফ মাহমুদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ধরেননি। নূরুল ইসলাম বলেন, ‘পুকুরটি আমরা কিনেছি। পুকুর ভরাট করার জন্য পাশের বিদ্যালয়ের মাঠে বালু ফেলে রাস্তা করা হয়েছে। পরে মাঠের বালু অপসারণ করে দেওয়া হবে।’