বরিশালে ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের কাউনিয়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম আছিয়া আক্তার ওরফে পাখি (১৭)। সে বরিশাল সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশের ধারণা, মেয়েটিকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় আছিয়ার কথিত স্বামী আজল হোসেন ওরফে রুম্মনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১০টায় কাউনিয়া এলাকার সোহাগ ভিলার দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে আছিয়ার লাশ উদ্ধার করা হয়।

নিহত আছিয়া মুলাদী উপজেলার চর কালেখা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। আজল সরকারি ব্রজমোহন কলেজের ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ও একই গ্রামের জাকির হোসেনের ছেলে। তাঁদের মধ্যে প্রেম ছিল। এ ঘটনায় গতকাল নিহতের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলায় আজলকে আসামি করা হয়েছে। পুলিশ আজলকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

সোহাগ ভিলার মালিক মো. সোহাগ জানান, তিন মাস আগে আজল ও আছিয়া স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে বাসা ভাড়া নেন। আজল সব সময় বাসায় থাকতেন না। গতকাল (শনিবার) রাতে রুম্মন এসে তাঁদের ডেকে নিয়ে যান। ভেতরে গিয়ে দেখা যায়, পাখি বিছানার ওপর পড়ে আছে। ওই অবস্থা দেখে পুলিশকে জানানো হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।