বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গাজী নঈমুল হোসেনের (লিটু) বিরুদ্ধে অন্যের পক্ষে মন্দিরের জায়গা দখল করে দেওয়া এবং প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত সোমবার গভীর রাতে নগরের ব্রজমোহন কলেজ এলাকার টিঅ্যান্ডটি কার্যালয়ের সামনে ওই ঘটনা ঘটে।
নঈমুল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, সম্পত্তি নিয়ে বিরোধ মীমাংসার চেষ্টা করেছেন তিনি। কারও পক্ষে জমি দখল কিংবা নিজে জড়িত নন।
মন্দিরের জমির মালিকানা দাবিদার লিপি রানী দাস বলেন, মন্দির ও পার্শ্ববর্তী বাড়ির ২৩ শতাংশ জমি নিয়ে তাঁদের সঙ্গে একই এলাকার জাহিদুর রহমান ওরফে চাউলা জাহিদ ও সবুজের বিরোধ চলে আসছে। তাঁর দাদি রানী বালা শীল জীবিত থাকাবস্থায় ওই জমি নিয়ে দায়ের হওয়া মামলা পরিচালনার জন্য জাহিদকে জমির আমমোক্তারনামা দিয়ে গেছেন। মামলা পরিচালনার জন্য তাঁকে ৩ শতাংশ জমি দেওয়ার কথা ছিল। ওই মামলার রায় হলে জাহিদ কোনো কাগজপত্র ফেরত দিচ্ছেন না। এখন মন্দিরসহ পুরো জমি দখল করার চেষ্টা চালাচ্ছেন।
লিপি রানী দাস অভিযোগ করেন, গাজী নঈমুল হোসেন ১৮ লাখ টাকা লেনদেনের মাধ্যমে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেন। তিনি জমি বাবদ মাত্র ৪ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় ২৪ আগস্ট লিপির বাবা তপন কুমার শীলকে অপহরণের চেষ্টা করেন নঈমুল হোসেন ও চাউলা জাহিদের লোকজন। ওই দিনই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ২৭ আগস্ট গভীর রাতে বিরোধীয় জমিতে থাকা মন্দিরে হামলা চালান জাহিদের লোকজন। আর গত সোমবার দিবাগত রাত সোয়া একটা থেকে তিনটা পর্যন্ত দফায় দফায় হামলা চালিয়ে মন্দিরের প্রতিমা ভেঙে দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তাঁরা সটকে পড়েন। তবে রাত তিনটার দিকে হামলাকারীরা দ্বিতীয় দফায় মন্দিরে ভাঙচুর ও প্রতিমা চুরি করে নিয়ে যান।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে কোতোয়ালি মডেল থানায় মামলা করতে যান লিপি রানী। কিন্তু বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মামলা নেয়নি পুলিশ। তবে পুলিশের দাবি, মামলা নেওয়া হবে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. আওলাদ হোসেন বলেন, ওখানে প্রতিমা ছিল কি না, তা তিনি জানেন না। এ ব্যাপারে ওসির (তদন্ত) সঙ্গে কথা বলতে বলেন।
তবে কোতোয়ালি থানার সহকারী কমিশনার মো. ফরহাদ সরদার প্রথম আলোকে বলেন, সোমবার গভীর রাতে সেখান থেকে মূর্তি চুরি হয়েছে। এ ব্যাপারে আগে একটি জিডিও করা হয়েছে। মামলা গ্রহণ করা হবে।
গাজী নঈমুল হোসেন প্রথম আলোকে বলেন, মন্দিরের জায়গার মূল মালিক ১৯৪৭ সালে দেশ ত্যাগ করেন। পরে নিলামগ্রহীতা জমি বিক্রি করে দেন। তিন পক্ষের মধ্যে সমস্যা থাকায় সেটা মীমাংসা করার চেষ্টা করেছেন তিনি। ১৮ লাখ টাকা তিন পক্ষের মধ্যে ভাগ করে দেওয়ার প্রস্তাব করা হয়। কিন্তু তাতে লিপি রানী দাস রাজি না হওয়ায় মীমাংসা হয়নি।