বরিশালে মহানগর আ.লীগের সভায় বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভায় বোমা হামলা চালিয়েছে প্রতিপক্ষ। গত বুধবার রাত নয়টার দিকে নগরের প্লানেট ওয়ার্ল্ড শিশুপার্কে অনুষ্ঠিত প্রস্তুতি সভার শেষ দিকে তিনটি বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় কেন্দ্রীয় যুবলীগ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে দায়ী করা হচ্ছে। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করীম বলেন, কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে বুধবার মহানগর আওয়ামী লীগের সভা চলছিল। সভার শেষ দিকে সাংসদ জেবুন্নেছা আফরোজ বক্তব্য দিচ্ছিলেন। এ সময় হঠাৎ তিনটি বোমা নিক্ষেপ করা হয়। বরিশাল মহানগর আওয়ামী লীগের প্রতিপক্ষ ওই হামলা চালিয়েছে।
সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, ‘আমি মহানগরের রাজনীতি করছি প্রায় পাঁচ বছর। এই সময়ের মধ্যে কোনো ধরনের হামলা বা নেতিবাচক কাজের সঙ্গে যুক্ত হইনি। যাঁরা আমার বিরুদ্ধে অভিযোগ তুলছেন তাঁরা আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এ কথা বলছেন।’