বরিশালে মিশুকচালককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা
বরিশালের উজিরপুর উপজেলায় রিয়াজ তালুকদার ওরফে বাবু (৩২) নামের এক মিশুকচালককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার শোলক ইউনিয়নের পুরান টেম্পোস্ট্যান্ডে চঞ্চল সরদার ও তাঁর এক বন্ধু ওই হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।
চঞ্চল উপজেলা ব্যাটারিচালিত রিকশাচালক মালিক সমিতির সভাপতি ও শোলক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম সরদারের ছেলে। নিহত রিয়াজ তালুকদার উপজেলার দক্ষিণ ধামুরা বাজার এলাকার আবদুর রহমান তালুকদারের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক মিশুকচালক জানান, রিয়াজ তালুকদার মিশুক নিয়ে পুরোনো টেম্পোস্ট্যান্ড থেকে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় চঞ্চল সরদার তাঁকে ডেকে নিয়ে মিশুক চালাতে নিষেধ করেন। এ নিয়ে চালক রিয়াজ তালুকদারের সঙ্গে চঞ্চল সরদারের বাগ্বিতণ্ডা হয়। চঞ্চল তাঁকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে চঞ্চলের সহযোগী মহসিন হাওলাদার ছুটে এসে লাঠি দিয়ে রিয়াজকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। তাঁর হাত থেকে লাঠি নিয়ে চঞ্চলও রিয়াজের মাথায় আঘাত করেন। সঙ্গে সঙ্গে রিয়াজ মাটিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ খবর ছড়িয়ে পড়লে মিশুকচালক ও এলাকাবাসী উপজেলার ধামুরা এলাকায় সড়ক অবরোধ করে হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।
স্থানীয় লোকজন জানান, ব্যাটারিচালিত রিকশাচালক ও মালিক সমিতি উপজেলায় মিশুক চলাচলে বাধা সৃষ্টি করে আসছিল। এ নিয়ে দুই সংগঠনের মধ্যে বিরোধ চলছিল। রিকশা মালিক সমিতির সভাপতি আওয়ামী লীগ নেতা হওয়ায় তারা উপজেলায় মিশুক চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। ওই নিষেধাজ্ঞা অমান্য করায় মিশুকচালক রিয়াজ তালুকদারকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, মিশুকচালক রিয়াজ তালুকদারের সঙ্গে চঞ্চল সরদারের মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রিয়াজ মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে চঞ্চলসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।