বরিশালে শিশুসহ দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শহরের আলাদা দুটি স্থান থেকে এক কন্যাশিশু ও অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, দুজনই হত্যাকাণ্ডের শিকার।

গতকাল সোমবার সকাল নয়টার দিকে ২৩ নম্বর ওয়ার্ডের খান সড়ক-সংলগ্ন ডোবা থেকে তন্বী নামের ১০ বছর বয়সী শিশুটির লাশ উদ্ধার করা হয়। সে শহরের খান সড়কের ফয়জুল উলুম ইসলামিয়া মাদ্রাসার ছাত্রী। বাড়ি বরগুনায়। তার বাবার নাম টুনু মিয়া।

তন্বীর বাবা দিনমজুর টুনু মিয়া বলেন, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে নবগ্রাম রোডের যুবক হাউজিং-সংলগ্ন খালেক খানের বাড়িতে ভাড়া থাকেন তিনি। রোববার রাত আটটা থেকে তন্বীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতকাল সকালে খান সড়ক-সংলগ্ন ডোবায় তার মরদেহ পাওয়া যায়।

এদিকে শহরের রূপাতলীর বটতলা এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বটতলার জলপাইতলা রাস্তার পাশে পড়ে ছিল মৃতদেহটি। যুবকের বয়স আনুমানিক ২৮ বছর। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে।