বরিশালে শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩
যাত্রী ওঠানো নিয়ে বরিশাল নগরে গতকাল বুধবার ব্যাটারিচালিত ইজিবাইক ও মাহিন্দ্রার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন। পুলিশের হাতে আটক হয়েছেন দুই শ্রমিক।
প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যক্তি জানান, সকাল ১০টার দিকে নগরের বান্দ রোডে যাত্রী ওঠানো নিয়ে মাহিন্দ্রা ও ইজিবাইকের শ্রমিকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী থেমে থেমে চলে এ সংঘর্ষ।
এ সময় ধারালো অস্ত্রের আঘাতে মাহিন্দ্রার তিন শ্রমিক আহত হন। তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনার পর থেকে নগরে মাহিন্দ্রা চলাচল বন্ধ রয়েছে।
এ ব্যাপারে বরিশাল মাহিন্দ্রা মালিক সমিতির সভাপতি কালাম মোল্লা বলেন, ইজিবাইকের চালকদের হামলায় তাঁদের তিনজন শ্রমিক আহত হয়েছেন। এর প্রতিবাদে নগরে মাহিন্দ্রা চলাচল বন্ধ রয়েছে। হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত মাহিন্দ্রা চলবে না।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, ইজিবাইক ও মাহিন্দ্রার শ্রমিকদের মধ্যকার সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ মো. ইব্রাহিম ও মো. শাহিন নামের মাহিন্দ্রার দুই শ্রমিককে আটক করেছে। তাঁদের ছেড়ে দেওয়া হবে।
ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, এ ব্যাপারে দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে।