বরিশালে সমকালের সাংবাদিককে কুপিয়ে জখম

দৈনিক সমকাল পত্রিকার বরিশাল বিভাগের ব্যুরোপ্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জিকে গতকাল সোমবার দিবাগত রাতে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা।
আশঙ্কাজনক অবস্থায় পুলককে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সুবল মুখার্জি নামের একজনকে আটক করেছে।
গতকাল দিবাগত রাত একটার দিকে নগরের উত্তর মল্লিক রোডে সরকারি বরিশাল কলেজের পেছনে নিজ বাসার সামনে পুলকের ওপর এ হামলা চালানো হয়।
পুলকের পরিবার জানায়, পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় প্রবেশের সময় আচমকা তিন দুর্বৃত্ত এসে ধারালো অস্ত্র নিয়ে পুলকের ওপর হামলা চালায়। একজন তাঁকে জাপটে ধরে রাখে। অন্য দুজন কোপাতে থাকে। এ সময় পুলকের চিত্কারে লোকজন জড়ো হতে থাকলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পুলকের ছোট ভাই দীপক চ্যাটার্জির ভাষ্য, মল্লিক রোডে দীর্ঘদিন বাস করলেও এলাকায় কারও সঙ্গে তাঁদের কোনো বিরোধ সৃষ্টি হয়নি। সাংবাদিকতার কারণেই তাঁর ভাইকে হত্যার উদ্দেশে ওই হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিত্সক জহুরুল হক মানিক প্রথম আলোকে জানান, পুলকের মাথার পেছনে ও ডান দিকে, মুখমণ্ডল, ডান হাত এবং দুই পায়ে ধারালো অস্ত্রের আঘাতে মোট ছয়টি ক্ষত রয়েছে। সফল অস্ত্রোপচার শেষে তাঁকে নিবিড় পরিচর্যা কক্ষে রাখা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, রাতে আহত সাংবাদিক পুলক চ্যাটার্জির অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সাংবাদিক পুলক চ্যাটার্জির ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে বিভিন্ন সংগঠন। হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বরিশাল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়ন, উদীচী, বরিশাল নাটক, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, প্রথম আলো বন্ধুসভাসহ অন্যান্য সংগঠন।