বরিশালে সাংবাদিককে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার বরিশাল ব্যুরোপ্রধান পুলক চ্যাটার্জিকে গত সোমবার রাতে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বরিশাল শহরের উত্তর মল্লিক সড়কের নিজ বাসভবনের সামনে তিনি এ হামলার শিকার হন।
এদিকে গতকাল মঙ্গলবার সিলেটে দৈনিক মানবজমিন পত্রিকার বিশেষ প্রতিনিধি চৌধুরী মুমতাজ আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ধর্ষণের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। সাংবাদিকদের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে খবর প্রকাশ করায় পুলিশ পরিকল্পিতভাবে ঘটনা সাজিয়ে মুমতাজকে গ্রেপ্তার করেছে।
পুলক চ্যাটার্জির পরিবারের সূত্রে জানা যায়, কাজ শেষে সোমবার দিবাগত রাত একটার দিকে তিনি বাড়ি ফিরছিলেন। বাড়ির ফটকের কাছে তিনজন ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়। তাঁর চিৎকারে লোকজন জড়ো হলে হামলাকারীরা সটকে পড়ে। আহত পুলককে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক জহুরুল হক গতকাল প্রথম আলোকে বলেন, পুলকের শরীরে ধারালো অস্ত্রের ছয়টি ক্ষত রয়েছে। অস্ত্রোপচার শেষে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।
সাংবাদিক পুলকের ছোট ভাই দীপক চ্যাটার্জির অভিযোগ, পেশাগত কারণে শত্রুতার জের ধরে তাঁর ভাইয়ের ওপর হামলা হয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, আহত সাংবাদিক পুলক চ্যাটার্জির অভিযোগের পরিপ্রেক্ষিতে সুবল মুখার্জি নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলক চ্যাটার্জির ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বরিশাল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠন।
সিলেটে মামলা: সিলেটে সাংবাদিক মুমতাজকে গ্রেপ্তারের পর গতকাল দুপুরে স্থানীয় সাংবাদিকেরা কোতোয়ালি থানায় যান। তাঁরা গ্রেপ্তারের কারণ জানতে চাইলে, মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) রহমত উল্যাহ বলেন, গতকাল দুপুরের দিকে চৌধুরী মুমতাজ একজন নারীকে শ্লীলতাহানির চেষ্টা করেন। গোপন সূত্রে এই খবর পেয়ে পুলিশ সেখানে গেলে ওই নারীসহ মুমতাজকে আটক করা হয়। ওই নারী সাংবাদিক মুমতাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। পুলিশ প্রাথমিক আলামতে সত্যতা পেয়ে ধর্ষণের মামলা নিয়েছে।
পুলিশের এ বর্ণনা শুনে ক্ষুব্ধ হয়ে ওঠেন সাংবাদিকেরা। তাঁরা থানা এলাকায় অবস্থান নিয়ে মামলা নেওয়ার আগে ঘটনার নিরপেক্ষ তদন্ত করার দাবি জানান। সাংবাদিকদের এ দাবি সত্ত্বেও পুলিশ মামলা নথিভুক্ত করায় বিকেল চারটার দিকে কোতোয়ালি থানার প্রধান ফটকের রাস্তায় বসে অবস্থান নেন সাংবাদিকেরা। সাংবাদিকদের এ অবস্থান চলাকালে প্রতিবাদ সভাও হয়। সাংবাদিকেরা রাস্তায় শুয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন।
পুলিশের একাধিক সূত্র জানায়, যে নারী সাংবাদিক মুমতাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন, তিনি পুলিশের একজন ‘সোর্স’।
চৌধুরী মুমতাজের একাধিক সহকর্মী জানান, সিলেট মহানগর পুলিশের সাবেক এক কমিশনারকে নিয়ে চৌধুরী মুমতাজের করা একটি অনুসন্ধানী প্রতিবেদন মানবজমিন পত্রিকায় প্রকাশ হওয়ার পর পুলিশের রোষানলে পড়েন তিনি।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি) এজাজ আহমদ সাংবাদিকদের বলেন, ‘আমরা অভিযোগ ও কিছু তথ্যপ্রমাণ পেয়ে মুমতাজকে গ্রেপ্তার করেছি। এখন তদন্ত করা হবে, তদন্তে মিথ্যা প্রমাণ হলে অবশ্যই তিনি ছাড়া পাবেন।’
অভিযোগকারী নারী পুলিশের ‘সোর্স’ কি না—এ ব্যাপারেও সাংবাদিকেরা জানতে চাইলে ওই পুলিশ কর্মকর্তা কোনো জবাব দেননি।
সন্ধ্যার পর সাংবাদিকেরা বিক্ষোভ মিছিল শেষে নগরের জিন্দাবাজার এলাকায় প্রতিবাদ সভা করেন। রাতে এ প্রতিবেদন লেখার সময়ও সভা চলছিল।