বরিশালে সাংসদের বিরুদ্ধে জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনের সাংসদ পংকজ নাথের বিরুদ্ধে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ ও পাঠাগারের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
বরিশালে সংবাদ সম্মেলন করে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ ও পাঠাগার কর্তৃপক্ষ এসব অভিযোগ করে। গতকাল শনিবার দুপুর ১২টায় নগরের রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ ও পাঠাগারের সভাপতি মো. আনোয়ার হোসেন।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, সাংসদ পংকজ নাথ বেআইনি ও অবৈধভাবে মেহেন্দীগঞ্জ উপজেলা সদরের অম্বিকাপুরে অবস্থিত শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ ও পাঠাগারের জমি দখল করে ইমারত নির্মাণ শুরু করেন। গত আগস্ট মাসে ওই নির্মাণকাজ শুরু করলে এর প্রতিবাদ করা হয়। এ ব্যাপারে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও কোনো কাজ হয়নি। গত ২৩ আগস্ট সাংসদ পংকজ নাথসহ ১২ জনের বিরুদ্ধে মেহেন্দীগঞ্জ সহকারী জজ আদালতে মামলা করা হয়। আদালত ওই দিনই নির্মাণকাজের ওপর স্থিতাবস্থা জারি করেন। কিন্তু সাংসদ ওই আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণকাজ চালিয়ে যেতে থাকেন।
পরে ২২ সেপ্টেম্বর আদালত অবমাননার পৃথক মামলা করা হয়। ওই মামলায় আদালত সাংসদসহ তিনজনের বিরুদ্ধে সমন জারি করেন। এরপর থেকেই সাংসদ বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে বাদী আনোয়ার হোসেনসহ পরিবারকে হত্যার হুমকি দিয়ে আসছেন। একই সঙ্গে চাপ প্রয়োগ করে এলাকা ছাড়তে বাধ্য করেন। এমন সব লিখিত অভিযোগ করেন বাদী আনোয়ার হোসেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেহেন্দীগঞ্জ উপজেলা শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ ও পাঠাগারের সাধারণ সম্পাদক অনিক দাস, সদস্য জিয়াউল্লাহ্, পান্না বিশ্বাস প্রমুখ।
সাংসদ পংকজ নাথ বলেন, ‘বরিশালে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে আমি শুনেছি। আমি একটি সভায় আছি। পরে কথা বলব।’ এরপর তাঁকে ফোন করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।