বরিশালে সোনালী ব্যাংক থেকে টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শহরের চকবাজার এলাকায় সোনালী ব্যাংকের একটি শাখা থেকে এক গ্রাহকের সাত লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ব্যাংকের ওই শাখায় কোনো নিরাপত্তারক্ষী নেই। তবে সিসি ক্যামেরায় ছিনতাইয়ের ঘটনা ধরা পড়েছে।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সোনালী ব্যাংক চকবাজার শাখা থেকে গ্রাহক রুস্তম আলী সাত লাখ টাকা উত্তোলন করেন। রুস্তম জানান, পোলট্রি ফার্ম করার জন্য ব্যাংকের ওই শাখা থেকে ক্ষুদ্রঋণ (এসএমই) নিয়েছিলেন তিনি। ব্যাংক ১০ লাখ টাকা ঋণ মঞ্জুর করে। গতকাল সাড়ে ১১টার দিকে তিনি সাত লাখ টাকা উত্তোলন করেন। এরপর টাকাভর্তি ব্যাগটি ক্যাশ কাউন্টারের পাশে রাখেন। এ সময় দুর্বৃত্তরা ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। এ সময় ডাক-চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি।
সোনালী ব্যাংক চকবাজার শাখার ব্যাবস্থাপক সুলতান আহম্মেদ জানান, কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী ওই শাখা পরিচালিত হচ্ছে। ব্যাংকের শাখায় কোনো নিরাপত্তারক্ষী নেই। ব্যাংকে অডিট চলায় এবং লোকের ভিড়ের মধ্যে ঘটনাটি ঘটেছে। তবে সিসি ক্যামেরায় ছবি দেখে অবশ্যই ছিনতাইকারী শনাক্ত করা সম্ভব হবে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন বলেন, ‘ঘটনা শুনে ব্যাংকের ওই শাখা পরিদর্শন করেছি। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারী শনাক্ত করার চেষ্টা করা হবে।’