বরিশালে স্কুলছাত্র সাত দিন ধরে নিখোঁজ

সন্ধ্যায় নাশতা করতে হবে। মায়ের কাছ থেকে টাকা নিয়ে পুরি কেনার জন্য বের হয় সৈয়দ মাকিতুল হাসান আছমিত। বাড়ির কাছেই দোকান। কিন্তু সেই পুরি কিনতে গিয়ে আর বাসায় ফেরেনি মাকিতুল। গত ২৯ আগস্ট থেকে সে নিখোঁজ রয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের কেরানিবাড়ি পোল (চৌমাথা) এলাকার সৈয়দ আক্তারুজ্জামানের ছেলে মাকিতুল হাসান (১৫) শহরের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
মাকিতুলের বাবা সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ঘটনার দিন স্কুল থেকে বাড়ি ফিরে তাঁর ছেলে দুপুরের খাবার খেয়ে বাড়িতে বিশ্রাম নেয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় সে বাড়ি থেকে বের হয় পুরি কেনার জন্য। বাসার কাছেই সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় পুরির দোকান। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হলেও মাকিতুল আর বাসায় ফেরেনি। এরপর শুরু হয় খোঁজাখুঁজি। রাতভর খুঁজে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরদিন বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ঘটনাটি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকেও (র্যাব) জানানো হয়েছে। কিন্তু গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত ছেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
মাকিতুলের মা পারভীন আক্তার প্রথম আলোকে বলেন, ‘আমার সন্তান কোনো দিন বাইরের কারোর সঙ্গে মিশত না। স্কুল, কোচিং আর বাসা। কোনো অশুভ চক্র আমার সন্তানকে অপহরণ করেছে। তা না হলে ও বাড়ি ফিরে আসত। আমি আমার সন্তানকে ফিরে পেতে চাই।’
বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার আলবার্ট রত্নœসিএসসি বলেন, মাকিতুল নম্র ও ভদ্র ছেলে। ওর বিরুদ্ধে শিক্ষকদের কোনো অভিযোগ নেই। মেধা তালিকায় সে ১২তম স্থানে রয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আতাউর রহমান জানান, স্কুলছাত্র মাকিতুলের সন্ধানে পুলিশ কাজ করছে।