বরিশালে স্থাপনা উচ্ছেদে গিয়ে প্রতিরোধের মুখে প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের কীর্তনখোলা নদীর তীরের ৫১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। অবশ্য নগরের রসুলপুর চর এলাকার বাসিন্দাদের প্রতিরোধের মুখে পড়ে অভিযান সাময়িক স্থগিত করেছে প্রশাসন।

গতকাল শনিবার সকাল ১০টার দিকে রসুলপুর চর এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়।

অভিযান শুরুর ঘণ্টা খানেক পর চরের বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। একপর্যায়ে উচ্ছেদকারীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন তাঁরা। এ সময় বাসিন্দারা তাঁদের পুনর্বাসন করে উচ্ছেদ শুরুর দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উচ্ছেদ অভিযান সাময়িক স্থগিত ঘোষণা করেন জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান।

জেলা প্রশাসনের রাজস্ব বিভাগ জানায়, বরিশালের কীর্তনখোলাকে প্রবহমান রাখতে গত ২২ আগস্ট উচ্চ আদালত একটি নির্দেশনা দেন। কীর্তনখোলা তীরে থাকা অবৈধ স্থাপনা অপসারণ করে নদীটি অপদখলমুক্ত করার নির্দেশ দেন আদালত। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২১১টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়। এর আগে বিআইডব্লিউটিএ আরও ৩০৬ দখলদারকে চিহ্নিত করেছে। সব মিলে ৫১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়। এর অংশ হিসেবে গতকাল সকালে জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩০ জন পুলিশ সদস্য ও উচ্ছেদকর্মী নিয়ে রসুলপুর চর এলাকায় অভিযান শুরু হয়। অভিযান চলার কিছু সময় পর চরে থাকা বাসিন্দারা প্রতিরোধ গড়ে তোলেন। তাঁরা তাঁদের পুনর্বাসন দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে অভিযান সাময়িক বন্ধ করা হয়। তবে কোনোভাবেই এই অভিযান বন্ধ হবে না।

বিআইডব্লিউটিএ বরিশালের যুগ্ম পরিচালক ও বন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, কীর্তনখোলা নদীর তীর অবৈধ দখলমুক্ত করার জন্য গত ১৪ নভেম্বর বিআইডব্লিউটিএ ঢাকা কার্যালয় নির্দেশ দিয়েছে। সেই অনুযায়ী কাজ শুরু হয়েছে। বেশ কিছু স্থাপনা উচ্ছেদ হয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা উচ্ছেদ বন্ধ করিনি। ধারাবাহিকভাবে ৫১৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।’

জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান বলেন, ‘আমরা উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন করছি। অভিযান পরিচালনা করতে গিয়ে কিছুটা সমস্যা হয়েছে। মানবিক কারণে আমরা সহনশীল অবস্থান নিয়েছি।’