বরিশালে স্বামী-স্ত্রী, ভালুকায় ছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল মহানগরের কাউনিয়া প্রথম গলির ছত্তার ম্যানসনের ভাড়া বাসা থেকে গতকাল মঙ্গলবার সকাল নয়টায় ইমারত শ্রমিক আ. খালেক (৪০) ও তাঁর স্ত্রী মুকুলী বেগমের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিনে ময়মনসিংহের ভালুকায় গোয়ালঘর থেকে কলেজছাত্রী মহিমা আক্তারের (১৯) লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটার দিকে বাড়ির কেয়ারটেকার মাধবী বসু পানি নেওয়ার জন্য মুকুলী বেগমকে ডাকাডাকি করেন। ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পার্শ্ববর্তী ভাড়াটেদের নিয়ে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে খালেকের মৃতদেহ রক্তাক্ত অবস্থায় ঝুলে থাকতে ও মুকুলী বেগমের মৃতদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাহবুব হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জের ধরেই একজন অন্যজনকে হত্যা করেছেন। পরে অন্যজন আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হবে।
ভালুকা থানার পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে মহিমার বাবা-মা তাঁকে বাড়িতে একা রেখে পার্শ্ববর্তী ঢাকুরিয়া গ্রামে যান। রাত আনুমানিক নয়টার দিকে তাঁরা বাড়ি ফিরে মহিমাকে ঘরে না পেয়ে নানা জায়গায় খোঁজ করেন। কিন্তু কোথাও মহিমাকে পাওয়া যায়নি। পরে গতকাল দুপুরে বাড়ির পাশের গোয়ালঘরের এক কোণে রক্তাক্ত অবস্থায় মহিমাকে পড়ে থাকতে দেখে পরিবার ও প্রতিবেশীরা। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবার হত্যার অভিযোগ না করলেও পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে।