বরিশালে হামলার শিকার বিএনপির প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালীর বাউফল, বরিশাল ও ভোলা সদরের তিনটি ইউনিয়নে প্রার্থী ও তাঁদের বাড়িঘরে হামলার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে বাউফল ও ভোলায় আওয়ামী লীগের বিদ্রোহী ও বরিশালে বিএনপি প্রার্থী হামলার শিকার হয়েছেন। তিন জায়গাতেই অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে।
বরিশাল অফিস এবং বাউফল (পটুয়াখালী) ও ভোলা প্রতিনিধি জানিয়েছেন বিস্তারিত:
বাউফল (পটুয়াখালী): বাউফলে নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. কামাল হোসেন বিশ্বাস। একই দল থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন মো. শাহাজাদা হাওলাদার। গতকাল দুপুরে দুই প্রার্থীর দুই সমর্থকের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর নগরহাট বাজারে শাহাজাদা হাওলাদারের বাসভবন, ব্যক্তিগত দলীয় কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
এ ঘটনার পর সংবাদ সম্মেলন করে শাহাজাদা হাওলাদার অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থী কামাল হোসেনের নেতৃত্বে সন্ত্রাসীরা তাঁর বাসভবন, ব্যক্তিগত দলীয় কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। ভেঙে চুরমার করা হয় একটি টেলিভিশন, একটি মোটরসাইকেলসহ ঘরের ও দলীয় কার্যালয়ের আসবাব।
তবে অভিযোগ অস্বীকার করে মো. কামাল হোসেন বিশ্বাস বলেন, ‘ওই ঘটনার সঙ্গে আমি কিংবা আমার কোনো কর্মী-সমর্থক জড়িত নন।’ এটি একটি সাজানো নাটক বলে তিনি দাবি করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান বলেন, ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভোলা: সদর উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও দলটির বিদ্রোহী প্রার্থীর মধ্যে বিরোধকে কেন্দ্র করে রোববার রাতে একটি ক্লাব ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সরেজমিনে দেখা গেছে, ইউনিয়নের আলীনর গ্রামে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি সংসদ নামের ওই ক্লাব ঘরের বেড়া ও ভেতরে প্লাস্টিকের কয়েকটি চেয়ার ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহিদুল হকের সমর্থকেরা এই ক্লাবে আড্ডা দিতেন। এটা সহ্য করতে না পেরে প্রতিপক্ষের লোকজন রোববার গভীর রাতে ক্লাব ভাঙচুর করেন।
অভিযোগ অস্বীকার করে বর্তমান ইউপি চেয়ারম্যান বসির আহমেদ বলেন, জাহিদুলের লোকজন আলীনগরে ত্রাস ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তাঁর ওপর দোষ চাপাচ্ছেন।
বরিশাল: সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নে আওয়ামী লীগের সমর্থকেরা বিএনপির চেয়ারম্যান প্রার্থী ও তাঁর সমর্থকদের ওপর হামলা চালিয়ে তিনটি মোটরসাইকেল ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিএনপির প্রার্থী নুরুল আমিন এ অভিযোগ করেছেন। রোববার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ধর্মাদী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন অভিযোগ করেন, ‘রোববার রাতে কর্মী-সমর্থকসহ কয়েকটি মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। ধর্মাদী বাজার পার হওয়ার সময় ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে থাকা আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমানের ছেলে কায়সার আলম, তাঁর মেয়েজামাই মো. রাজিবসহ বেশ কয়েকজন আমাদের ওপর হামলা চালান। এ সময় তাঁরা পেছনের দিকের তিনটি মোটরসাইকেলে থাকা মনিরুল ইসলাম, কামরুল ও শহীদকে বেধড়ক পিটিয়ে আহত করেন। একপর্যায়ে তাঁদের মোটরসাইকেলগুলো ভাঙচুর করেন।’
অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান বলেন, ‘নির্বাচনী প্রচারণা শুরু হবে ৩ মার্চ। তার আগেই বিএনপি প্রার্থী দলবল নিয়ে প্রচারণায় বের হন। এ সময় আমার ছেলে কায়সার আলম ধর্মাদী বাজার-সংলগ্ন কালভার্টের কাছে ছিল। তখন বিএনপি প্রার্থীর সমর্থকেরা তার ওপর হামলা চালায়। বিষয়টি জানতে পেরে বাজারের লোকজন তাদের ধাওয়া দেয়। এ সময় তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।’