বরিশালে হোটেল ব্যবস্থাপক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের একটি আবাসিক হোটেলের ব্যবস্থাপককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার নগরের ভাটারখাল এলাকার বোর্ডিং গ্রিনবাগের একটি কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মো. মিজানুর রহমান (৫০)। এ ঘটনায় পুলিশ হোটেলের মালিক এবং দুজন বোর্ডারকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে। মিজানুর মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা আতাউর রহমানের ছেলে। আট বছর ধরে তিনি ওই হোটেলে দায়িত্ব পালন করছিলেন।
বরিশাল নৌবন্দর ফাঁড়ির উপপরিদর্শক শাহাবুদ্দিন আহম্মেদ বলেন, ‘গতকাল ভোর পাঁচটার দিকে চুরি হচ্ছে মর্মে চিৎকার শুনে গ্রিনবাগ বোর্ডিংয়ের সামনে যাই। এ সময় হোটেলের নিচের দোকানে যাই। পরে ব্যবস্থাপককে খোঁজ করি। তিনি ১০ নম্বর কক্ষে থাকেন
শুনে ওই কক্ষের সামনে যাই। তবে ওই কক্ষে তালা দেখে সন্দেহ হয়। পরে তালা ভেঙে কক্ষের বিছানার ওপর মিজানুর রহমানের হাত ও মুখ বাঁধা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখি।’
বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান বলেন, পরিকল্পিতভাবে হাত ও মুখ বেঁধে মিজানুরকে হত্যা করা হয়েছে। চুরি মূল ঘটনা নয়, হত্যার ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য হয়তো চুরির ঘটনা সাজানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।