বরিশালে হোটেল ব্যবস্থাপক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের একটি আবাসিক হোটেলের ব্যবস্থাপক মো. মিজানুর রহমানকে (৫০) শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুই হোটেল মালিকসহ চারজনকে আটক করেছে।

আজ মঙ্গলবার সকাল নয়টায় নগরের ভাটারখাল এলাকার বোর্ডিং গ্রিনবাগ নামের আবাসিক হোটেলের ১০ নম্বর কক্ষ থেকে মুখে কাপড় বাঁধা অবস্থায় মিজানুরের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মিজানুর রহমানের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায়। আট বছর ধরে ওই হোটেলে ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন তিনি।
বরিশাল নৌবন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন আহম্মেদ প্রথম আলোকে জানান, ‘ভোর পাঁচটার দিকে “চোর, চোর” চিৎকার শুনে হোটেল বোর্ডিং গ্রিনবাগের সামনে যাই। গিয়ে হোটেল ম্যানেজরকে খোঁজ করি। তিনি ১০ নম্বর কক্ষে থাকেন শুনে ওই কক্ষের সামনে যাই। ওই কক্ষে তালা দেওয়া দেখে সন্দেহ হয়। পরে তালা ভেঙে বিছানার ওপর মিজানুর রহমানের হাত ও মুখ বাঁধা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখি।’ এ ঘটনায় হোটেলের দুই মালিক মো. নিজামউদ্দিন ও রিয়াজউদ্দীন এবং ১০ নম্বর কক্ষের পাশের দুই কক্ষ ভাড়া নিয়েছেন এমন দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
সকাল সাড়ে আটটায় সরেজমিনে দেখা গেছে, ওই হোটেলের ১০ নম্বর কক্ষের বিছানার ওপর মো. মিজানুর রহমানের মৃতদেহ পড়ে আছে। মুখের মধ্যে দিয়ে গামছা দিয়ে পেছন দিকে বাঁধা। দুই হাতও পেছনে বাঁধা ছিল।

ঘটনাস্থলে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আতাউর রহমান প্রথম আলোকে বলেন, পরিকল্পিতভাবে হাত ও মুখ বেঁধে হত্যা করা হয়েছে। চুরি মূল ঘটনা নয়, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার জন্য হয়তো চুরির ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেল মালিকসহ কয়েকজনকে আটক করা হয়েছে। হত্যার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, গতকাল রাতের কোনো এক সময় হোটেল ম্যানেজারকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আটক করা ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।