বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চলতি বছরের উত্তরপত্র মূল্যায়নে অবহেলার দায়ে বোর্ডের ১২০ পরীক্ষকের (শিক্ষক) বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তাঁদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। তাঁদের দুই বছরের জন্য পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার ওই শিক্ষকদের নামের তালিকা বরিশাল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, শিক্ষা বোর্ডের তালিকাভুক্ত শিক্ষকদের মধ্যে ১২০ জন শিক্ষক এসএসসির উত্তরপত্র মূল্যায়নে অসতর্ক ছিলেন। তাঁদের কারণে বেশ কিছু শিক্ষার্থীর জিপিএতে গরমিল হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই সব শিক্ষককে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় ওই ১২০ পরীক্ষক উত্তরপত্র সঠিকভাবে যাচাই-বাছাই করেননি। তাঁদের ইচ্ছামতো নম্বর দিয়েছেন। এ কারণে অনেক পরীক্ষার্থীর জিপিএ পরিবর্তিত হয়েছে। এসব শিক্ষার্থীর আবেদনের পরিপ্রিক্ষিতে উপত্তরপত্র পুনর্নিরীক্ষণে বিষয়টি ধরা পড়ে। বিষয়টি প্রধান পরীক্ষক যাচাই-বাছাই করে প্রতিবেদন জমা দেন।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ার আজিম বলেন, কালো তালিকাভুক্ত ঘ শ্রেণির শিক্ষকদের মধ্যে বরিশালের ১৯ জন, পটুয়াখালীর ২২, ভোলার ১৬, বরগুনার ১৮, পিরোজপুরের ৫ ও ঝালকাঠির ৪ জন রয়েছেন। অন্য শিক্ষকেরা ঙ শ্রেণিভুক্ত।