বরিশালে ১৫ লাখ টাকার নিষিদ্ধ ওষুধ জব্দ

বরিশালে উৎপাদন নিষিদ্ধ কোম্পানির ১৫ লাখ টাকার ওষুধ জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ওষুধ প্রশাসন। এ সময় একজনকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়।
গতকাল রোববার দুপুরে নগরের সিঅ্যান্ডবি রোডের সাদিয়া ভিলায় এ অভিযান চালায় বরিশাল ঔষধ প্রশাসন ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
উদ্ধার অভিযান পরিচালনাকারী আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ কমিশনার আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নথুল্লাবাদ বাস টার্মিনাল-সংলগ্ন এলাকার সিঅ্যান্ডবি রোডের ওই বাড়িতে অভিযান চালানো হয়। বাড়িটির নিচতলায় হলি ড্রাগস ল্যাবরেটরিজ নামে একটি নিষিদ্ধ কোম্পানির ওষুধ গুদামজাত করা হয়েছিল। বাড়ির কেউ ওষুধ উৎপাদনের অনুমতির পক্ষে প্রমাণ দেখাতে পারেননি।
বরিশাল ঔষধ প্রশাসনের ড্রাগস ইন্সপেক্টর বীথি রানী মণ্ডল জানান, তিন বছর আগে হলি ড্রাগস ল্যাবরেটরিজের উৎপাদন নিষিদ্ধ করা হয়। কিন্তু প্রশাসনকে না জানিয়ে প্রতিষ্ঠানটি ওষুধ উৎপাদন ও বাজারজাত করে যাচ্ছে। অভিযানে প্রতিষ্ঠানটির ২৭ ধরনের ওষুধ জব্দ করা হয়েছে, যার মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
অভিযানের সময় প্রতিষ্ঠানের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মো. রিয়াজুল ইসলাম, স্টোরকিপার মিরাজ ও হিসাবরক্ষক নজরুল ইসলামকে আটক করা হয়। পরে মিরাজ ও নজরুলকে ছেড়ে দেওয়া হলেও রিয়াজুলকে ১০ দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।