বরিশালে ৩০০ মণ জাটকা ও জাল জব্দ
বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে গতকাল বুধবার ৩০০ মণ জাটকা উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় প্রায় চার লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট ও পাই জাল জব্দ করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী কোস্টগার্ড সদস্যরা জানান, জাটকা শিকার বন্ধে ধারাবাহিকভাবে জেলা মৎস্য অধিদপ্তর এবং কোস্টগার্ড অভিযান চালাচ্ছে। অভিযানের অংশ হিসেবে গতকাল বিকেল চারটা থেকে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কালাবদ নদের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন নৌকায় তল্লাশি চালিয়ে ৩০০ মণ জাটকা উদ্ধার করা হয়।
এ ছাড়া মাছ ধরার কাজে ব্যবহৃত প্রায় চার লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট ও পাই জাল উদ্ধার করা হয়েছে। রাত আটটা পর্যন্ত অভিযান চালানো হয়।
কোস্টগার্ড বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার এম আমিনুল হক সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, অভিযানে উদ্ধার হওয়া মাছ মৎস্য কর্মকর্তাদের সহযোগিতায় বিভিন্ন এতিমখানায় সরবরাহ করা হবে। এ ছাড়া রাতে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হবে।