বরিশালে ৫টি পরীক্ষা কেন্দ্র স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষার কেন্দ্রে বিভিন্ন অনিয়ম ও দায়িত্বরত কর্মকর্তাদের অবহেলাসহ নানা অভিযোগে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের জেএসসি ও এসএসসি পরীক্ষার পাঁচটি কেন্দ্র স্থগিত করা হয়েছে। একই সঙ্গে চারটি কেন্দ্রের সচিবসহ পরীক্ষা কমিটির সদস্যদের বরিশাল শিক্ষা বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে আগামী ৫ বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, স্থগিত হওয়া কেন্দ্রগুলো হলো বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাকরধা এ কে এম ইনস্টিটিউশন, পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়ারহাট স্কুল অ্যান্ড কলেজ, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয়, নাজিরপুর উপজেলার গাওয়াখালী মাধ্যমিক বিদ্যালয় এবং পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়।

এর মধ্যে ২০১৭ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার তথ্য প্রদানে অনিয়ম, কেন্দ্রে বিভিন্ন ধরনের অনিয়ম ও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে কাকরধা, সুটিয়াকাঠী ও গাওয়াখালী এবং ২০১৬ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় কেন্দ্রে বিভিন্ন অনিয়ম, দায়িত্ব পালনে অবহেলা ও বহিষ্কৃত পরীক্ষার্থীর লিখিত উত্তরপত্র বোর্ডে জমা না দেওয়ায় উলানিয়ারহাট ও বগার জেএসসি ও এসএসসি পরীক্ষার কেন্দ্র স্থগিত করা হয়।

অপরদিকে পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কমিটির সচিব এবং বাকি চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্রসচিবসহ পরীক্ষা কমিটির সদস্যদের বরিশাল শিক্ষা বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকাণ্ড থেকে আগামী ৫ বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।