বরিশালের প্যানেল মেয়র শহীদুল্লাহ সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কে এম শহীদুল্লাহকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একটি অস্ত্র মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করায় তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো।
গতকাল রোববার দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব খলিল আহম্মেদ স্বাক্ষরিত একটি চিঠি বরিশাল সিটি করপোরেশনে পৌঁছায়। তাতে কাউন্সিলর শহীদুল্লাহকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি উল্লেখ করা হয়। এ বিষয়ে মেয়র আহসান হাবিব কামাল প্রথম আলোকে বলেন, ‘আমি ঢাকায় থাকায় চিঠিটি পড়ে দেখিনি। তবে শুনেছি ওই চিঠিতে প্যানেল মেয়র শহীদুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
তবে সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা আসমা বেগম প্যানেল মেয়র শহীদুল্লাহকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্যানেল মেয়র শহীদুল্লাহর বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় করা অস্ত্র মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ-সংক্রান্ত চিঠি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে করপোরেশনে পৌঁছেছে।
সিটি করপোরেশনের প্রজ্ঞাপন থেকে জানা যায়, স্থানীয় সরকার আইন অনুযায়ী কাউন্সিলরের বিরুদ্ধে ফৌজদারি মামলায় অভিযোগপত্র আদালতে গৃহীত হলে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করার বিধান রয়েছে।
প্যানেল মেয়র শহীদুল্লাহ বলেন, ‘বরখাস্ত হওয়ার চিঠি আমি এখনো হাতে পাইনি। আমাকে হেয়প্রতিপন্ন করার জন্যই এখান থেকে মন্ত্রণালয়ে পাঠিয়ে তড়িঘড়ি করে ওই আদেশ দেওয়া হয়েছে।’