বরুড়ায় গৃহবধূকে গলা কেটে হত্যা স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক কলহের জের ধরে কুমিল্লার বরুড়া উপজেলায় শাহিনূর আক্তার নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার উপজেলার ওড্ডা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে।
নিহত শাহিনূর (২২) ওড্ডা গ্রামের দেলোয়ার হোসেনের (৩৫) স্ত্রী। তিনি বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের স্নাতক (পাস) শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এ বছর তাঁর ফাইনাল পরীক্ষা দেওয়ার কথা ছিল। এ ঘটনায় তাঁর বাবা বরুড়া পৌরসভার পাঠানপাড়া এলাকার নূরুল ইসলাম বাদী হয়ে গতকাল মঙ্গলবার সকালে বরুড়া থানায় হত্যা মামলা করেছেন। ওই মামলায় দেলোয়ারকে আসামি করা হয়েছে।
নিহত ব্যক্তির স্বজন, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তিন বছর আগে শাহিনূর আক্তারের সঙ্গে ওড্ডা গ্রামের তাবারক হোসেনের ছেলে দেলোয়ার হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে দেলোয়ার কোনো কাজ করতেন না। এ নিয়ে শাহিনূরের সঙ্গে তাঁর প্রায়ই ঝগড়া হতো। গত সোমবার রাত ১১টায় তাঁদের মধ্যে আবার ঝগড়া শুরু হয়। একপর্যায়ে দেলোয়ার চাপাতি দিয়ে শাহিনূরের গলা কেটে ফেলেন। এ সময় তাঁর চিৎকারে বাড়ির লোকজন ঘরে এসে দেখেন শাহিনূর মেঝেতে মৃত অবস্থায় পড়ে আছেন।
পরে এলাকাবাসী দেলোয়ার হোসেনকে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে এসে শাহিনূরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। একই সময় পুলিশ দেলোয়ারকে আটক করে থানায় নিয়ে যায়।
বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) আজম উদ্দিন মাহমুদ বলেন, হত্যার ঘটনা হওয়া মামলায় দেলোয়ারকে একমাত্র আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, পুলিশ তা তদন্ত করে দেখছে। পারিবারিক অশান্তি থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।