বরুড়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া উপজেলার মন্দুক গ্রামে শারমিন আক্তার (১৮) নামের এক গৃহবধূকে গত বৃহস্পতিবার রাতে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহত গৃহবধূর শ্বশুর আফাজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শারমিন আক্তার বরুড়া উপজেলার মন্দুক গ্রামের আনিসুর রহমানের স্ত্রী এবং একই উপজেলার পেরপেটি গ্রামের শাহজাহানের মেয়ে। এ ঘটনায় তাঁর মা রোকেয়া বেগম গতকাল শুক্রবার বরুড়া থানায় হত্যা মামলা করেছেন। এ মামলায় গৃহবধূ শারমিনের শ্বশুর আফাজ উদ্দিন, শাশুড়ি রমিজা বেগম ও দেবর শরিফুল ইসলামকে আসামি করা হয়েছে।
গৃহবধূ শারমিনের বাবার অভিযোগ, আড়াই বছর আগে আনিসুর রহমানের সঙ্গে শারমিন আক্তারের বিয়ে হয়। বিয়ের পর আনিসুর মালয়েশিয়া চলে যান। কয়েক মাস আগে তিনি ছুটিতে বাড়ি আসেন। গত ২১ আগস্ট আনিস আবার মালয়েশিয়া যান। এর পর থেকে শারমিনের সঙ্গে তাঁর দেবর শরিফুল, শ্বশুর আফাজ উদ্দিন ও শাশুড়ি রমিজা বেগমের বাড়িতে নির্মাণাধীন একটি ভবন নিয়ে একাধিকবার ঝগড়া হয়।
গত বৃহস্পতিবার রাত নয়টায় শরিফুল ভাবি শারমিনের শোবার ঘরে প্রবেশের চেষ্টা চালান। একপর্যায়ে শরিফুল লাথি মেরে দরজা ভেঙে ওই ঘরে ঢোকেন। তখন শারমিন মুঠোফোনে বিষয়টি তাঁর মা রোকেয়া বেগমকে জানান। এতে ক্ষিপ্ত হয়ে পাশের ঘর থেকে শাশুড়ি রমিজা বেগম ওই ঘরে আসেন। তখন ছেলে ও মা মিলে লাঠি দিয়ে তাঁকে পিটিয়ে হত্যা করেন। পরে লাশ ঘরের মধ্যে ঝুলিয়ে রেখে শ্বশর বাড়ি থেকে রোকেয়া বেগমকে তাঁর মেয়ে ফাঁসি দিয়েছে বলে খবর দেওয়া হয়। খবর পেয়ে রাত সাড়ে ১০টায় রোকেয়া তাঁর স্বজনদের নিয়ে ওই বাড়িতে গিয়ে শারমিনের লাশ খাটের ওপর কাপড় দিয়ে ঢেকে রাখা অবস্থায় দেখেন।
গতকাল শুক্রবার ভোর চারটার দিকে ঘটনাস্থলে এসে পুলিশ শারমিনের লাশ উদ্ধার করে এবং শ্বশুর আফাজ উদ্দিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গতকাল সকালে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানা হেফাজতে শারমিনের শ্বশুর আফাজ উদ্দিন এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি।
নিহত গৃহবধূর মা রোকেয়া বেগম দাবি করেন, ‘শারমিনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। নির্যাতনের সময় মেয়ে আমাকে ফোন করে বলেছিল, তাকে মারধর করা হচ্ছে। আমি এই হত্যার বিচার চাই।’
বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, শারমিনের শ্বশুরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।