বরুড়ায় তিন বাড়িতে ডাকাতি
কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস দক্ষিণ ইউনিয়নের মহেশপুর গ্রামে গত সোমবার গভীর রাতে তিন বাড়িতে ডাকাতি হয়েছে। গৃহকর্তাদের দাবি, ডাকাতেরা তাঁদের বাড়ি থেকে ১৪ লাখ টাকার মালামাল ও পাসপোর্ট নিয়ে গেছে।
মহেশপুর গ্রামের পাঁচ ব্যক্তি বলেন, গত সোমবার রাত আনুমানিক দেড়টার দিকে তিনটি মাইক্রোবাসে করে অন্তত ১৫ থেকে ২০ জন ডাকাত মহেশপুর গ্রামে আসে। তারা দা, ছেনি ও দেশীয় অস্ত্র নিয়ে মহেশপুর গ্রামের জসিম উদ্দিনের ঘরে ঢুকে ঘরের বাসিন্দাদের জিম্মি করে ফেলে। পরে তারা টাকা, দুটি পাসপোর্ট ও চারটি মুঠোফোন নিয়ে যায়। একই সময় ডাকাতদল একই গ্রামের আবু নেছার ও আবদুল হকের বাড়িতে হানা দেয়। তারা ওই দুই বাড়ি থেকে ২০ ভরি স্বর্ণালংকার, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ চার লাখ টাকা লুট করে। ডাকাতদল এরপর একই গ্রামের নারায়ণ চন্দ্র সরকার ও বিকাশ চন্দ্র সরকারের বাড়িতে হানা দেয়। কিন্তু এলাকাবাসী চিৎকার শুরু করলে ডাকাতেরা মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, ডাকাতির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।