বরুড়ায় নিখোঁজের এক দিন পর ডোবায় মিলল শিশুর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া উপজেলার জয়কামতা গ্রামে নিখোঁজের এক দিন পর গতকাল সোমবার বাড়ির পাশের ডোবা থেকে এক শিশুর (৮) লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বরুড়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
মৃত শিশুর নাম সাইফ হোসেন। সে ইছহাক আহমেদ ও সোহাগী বেগমের ছেলে। সে জয়কামতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
শিশুটির মা সোহাগী বেগম বলেন, গত রোববার সকাল নয়টার দিকে সাইফ বাড়ি থেকে স্কুলের উদ্দেশে রওনা হয়। এরপর থেকে তার খোঁজ মেলেনি। পরে এলাকায় তাকে সন্ধানের জন্য মাইকিং করা হয়। গতকাল সকাল ১০টার দিকে জয়কামতা গ্রামের খোকন মিয়া বাঁশঝাড়ে বাঁশ কাটতে গিয়ে ডোবার মধ্যে সাইফের লাশ ভাসতে দেখেন। পরে গ্রামবাসী এসে লাশ উদ্ধার করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার নাজীম, বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে শিশুটির বাবা ইছহাক আহমেদ দুবাই থেকে রোববার রাতেই বাড়ি ফিরেছেন।