বরুড়ায় বিয়ের গাড়িবহরে গণডাকাতি
কুমিল্লার বরুড়া উপজেলার লাইজলা এলাকায় বিয়ের গাড়ির বহর থামিয়ে গণডাকাতির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে সশস্ত্র ডাকাত দল প্রায় দুই ঘণ্টা ধরে অন্তত ১৫টি মাইক্রোবাসে হানা দিয়ে স্বর্ণ, টাকা, মুঠোফোন ও মালামাল নিয়ে যায়। তবে এ ঘটনায় থানায় মামলা হয়নি।
ভুক্তভোগী পরিবারের অন্তত পাঁচজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, উপজেলার সুরিচোর গ্রামের নির্মল বৈদ্যের মেয়ের বিয়ে গত বৃহস্পতিবার কুমিল্লা শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। রাত ১২টায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিয়ের ১৫টি গাড়ির বহর কুমিল্লা-বরুড়া সড়কের লাইজলায় পৌঁছালে সশস্ত্র ডাকাত দল সড়কে ব্যারিকেড দিয়ে হামলা চালায়। এ সময় তারা অস্ত্রের মুখে শতাধিক ভরি সোনার গয়না, মুঠোফোন, নগদ টাকাসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।
ডাকাতদের কবলে পড়া ব্যবসায়ী দুলাল রায়, স্বদেশ রায়, গাড়িচালক ইউনুছ, জুয়েল ও সমর জানান, ডাকাত দল দুই ঘণ্টাব্যাপী গণডাকাতি চালালেও টহল পুলিশ এগিয়ে আসেনি। বরুড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর বলেন, ‘ডাকাত দল আমার কাছ থেকে ৯৭ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়।’
বরুড়া থানার ওসি নাছির উদ্দিন মৃধা বলেন, ডাকাত দল বেশি কিছু নিতে পারেনি। তাঁরা প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।