বরুড়ায় ২৪ ঘণ্টায় দুই গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া উপজেলায় জেসমিন আক্তার (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার স্বামী আবুল বাসারের জোড়পুকুরিয়া গ্রামের বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে বরুড়ায় দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
জেসমিন আক্তারের বাবার বাড়ি ভারতের কলকাতায়। তাঁর স্বামী আবুল বাসার কলকাতায় ব্যবসা করছেন। তাঁর লাশ উদ্ধারের ঘটনায় বরুড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ জানায়, জোড়পুকুরিয়া গ্রামের আরব আলীর ছেলে আবুল বাসার দীর্ঘদিন ধরে কলকাতায় ব্যবসা করছেন। সেখানে তিনি কলকাতার বাসিন্দা জেসমিন আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর থেকে জেসমিন বাংলাদেশে এসে স্বামীর বাড়িতেই অবস্থান করছেন। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে আছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে জেসমিন আক্তারের অস্বাভাবিক মৃত্যু হয়। বাসারের ছোট ভাই রাসেলের নেতৃত্বে সকাল আটটায় জোড়পুকুরিয়া নূরানী মাদ্রাসা মাঠে জানাজার আয়োজন করা হয়। খবর পেয়ে গ্রামবাসী বরুড়া পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে সকাল নয়টায় ওই মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করে।
পুলিশের ভাষ্যমতে, জেসমিনের মুখ ও গলায় আঁচড়ের চিহ্ন রয়েছে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য গতকাল শনিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জেসমিনের শ্বশুর আবুল কাশেম বলেন, এক সপ্তাহ ধরে জেসমিন অসুস্থ ছিলেন। অসুস্থ অবস্থায় তিনি মারা যান। তড়িঘড়ি করে লাশ দাফনের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
বরুড়া থানার ওসি নাসির উদ্দিন মৃধা বলেন, এ ঘটনায় জেসমিনের শ্বশুর অপমৃত্যু মামলা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। স্বামী আবুল বাসার দেশে আসার পর জানাজা হবে।
এর আগে গত শুক্রবার ভোরে বরুড়া উপজেলার মন্দুক গ্রাম থেকে শারমিন আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে গতকাল প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়েছে।