কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নের জয়াগ গ্রামে গত মঙ্গলবার রাতে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন হয়েছেন। এ ছাড়া কুমিল্লার চান্দিনায় গতকাল বুধবার এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এদিকে টাঙ্গাইল সদর থেকে গতকাল এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের দাবি, তাঁকে খুন করা হয়েছে।
বরুড়া থানা-পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, জয়াগ গ্রামের মো. জুয়েল (১৫) তার বাবা আবদুর রবের (৬৫) কাছে গত মঙ্গলবার রাত ১০টার দিকে টাকা চায়। এ সময় আবদুর রব ছেলের উদ্দেশে বলেন, ‘পড়াশোনা ও নামাজ নেই। তোকে কেন টাকা দেব?’ এরপরও টাকার জন্য বাবাকে চাপ দেয় জুয়েল। একপর্যায়ে বাবার সঙ্গে জুয়েলের কথা-কাটাকাটি হয়। এ সময় জুয়েল ছুরি দিয়ে আবদুর রবের বুকের ডান পাশে আঘাত করে। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে তাঁকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য গতকাল তাঁর লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আবদুর রবের বড় ছেলে জয়নাল আবেদীন থানায় একটি হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে জুয়েল পলাতক রয়েছে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, জুয়েল নেশাগ্রস্ত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নেশার টাকার জন্যই সে বাবাকে খুন করেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, উপজেলার তুলাতলি গ্রামের সুয়া মিয়ার ছেলে জালাল হোসেন (৩২) পেশায় সবজি ব্যবসায়ী। তিনি তিন মাস ধরে শ্বশুরবাড়িতে থাকতেন। গত মঙ্গলবার রাত থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে গতকাল সকাল সাতটার দিকে শ্বশুরবাড়ির পাশের লাউখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করে লাশ ওই লাউখেতে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় সুয়া মিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন।
টাঙ্গাইল মডেল থানা-পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, শহরের বিশ্বাস বেতকা মুন্সিপাড়া এলাকার বাসিন্দা ও রড-সিমেন্ট ব্যবসায়ী খন্দকার রাজুর (৩৮) সঙ্গে তাঁর পাশের বাড়ির এক নারীর অবৈধ সম্পর্ক ছিল। এ নিয়ে ওই নারীর স্বামীর সঙ্গে একাধিকবার রাজুর কথা-কাটাকাটিও হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মশার কয়েল কেনার কথা বলে রাজু বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে অনেক খোঁজাখুঁজির পর গতকাল সকালে তাঁর বাড়ির পেছনে রাজুর লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে বেলা ১১টার দিকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
টাঙ্গাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে এটাকে হত্যা বলেই মনে হচ্ছে। রাজুর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় খন্দকার রাজুর স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী পলাতক।