বরুড়ায় দাদনের টাকা না পেয়ে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের সরাফতিসংলগ্ন পদুয়ার বাজার এলাকায় আবদুস সাত্তার (৪৫) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে এবং মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত আনুমানিক দুইটার দিকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই ব্যবসায়ী মারা যান। দাদনের টাকা পরিশোধ না করায় এ ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আবদুস সাত্তারের বাড়ি দাউদকান্দি উপজেলার শহীদনগর এলাকায়।
বরুড়া বাজারের অন্তত ১০ জন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আবদুস সাত্তারের মাহি ডিপার্টমেন্টাল স্টোর নামে একটি দোকান রয়েছে। ওই দোকানের জন্য তিনি বরুড়া উপজেলার সরাফতি গ্রামের জাহাঙ্গীর আলমের কাছ থেকে সুদে কিছু টাকা নেন। একই সঙ্গে তাঁর বন্ধু সাহারপদুয়া গ্রামের হুমায়ুন কবিরের জন্য দুই লাখ টাকা নেন। ওই টাকার জিম্মাদার ছিলেন তিনি।
নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করতে না পারায় আবদুস সাত্তারকে গত বুধবার সকালে তাঁর দোকান থেকে তুলে নিয়ে যান জাহাঙ্গীর আলম। পরে জাহাঙ্গীরের পদুয়ার বাজার এলাকার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান এস এস এন্টারপ্রাইজে (সার ও কীটনাশকের দোকান) তাঁকে দিনভর পিটিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়। রাত আনুমানিক ১০টায় জাহাঙ্গীর ওই ব্যবসায়ীর কাছ থেকে টাকা না পেয়ে তাঁর মুখে বিষ ঢেলে দেন। পরে তাঁকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আবদুস সাত্তারের স্ত্রী মাজেদা আক্তার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ সেবিকা। তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ঘটনার পর থেকে মাজেদা অজ্ঞান রয়েছেন। নিহত ব্যক্তির লাশ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পড়ে ছিল।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মুহম্মদ গোলামুর রহমানের কাছে কে বা কারা একটি আবেদন করে। ম্যাজিস্ট্রেট তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
জানতে চাইলে ওসি নাসির উদ্দিন মৃধা বলেন, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে জাহাঙ্গীর আলম ও হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত ব্যক্তির মরদেহ এতক্ষণ হাসপাতালে কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ লাশ নিতে না আসায় হাসপাতালে সেটি রাখা হয়েছে।
মাহি ডিপার্টমেন্টাল স্টোরের ব্যবস্থাপক আবদুল কাদের বলেন, ‘এ ব্যাপারে আমি কোনো কথা বলব না।’
অভিযোগ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, ‘আবদুস সাত্তারের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। তাঁর ওপর কোনো শারীরিক নির্যাতন করা হয়নি। হঠাৎ করে তিনি কীটনাশক খেয়ে ফেলেন। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান।’