বরুড়ায় হামলা ও কচুয়ায় সংঘর্ষ, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এক কাউন্সিলর প্রার্থী তিন ভোটে হেরে তাঁর সমর্থকদের দিয়ে অন্য এক কাউন্সিলর প্রার্থীর পাঁচ সমর্থকের বাড়িতে গত বুধবার হামলা ও ভাঙচুর চালিয়েছেন। এ ঘটনায় ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার চাঁদপুরের কচুয়ায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের অন্তত চারজন ব্যক্তি জানান, গত বুধবার কুমিল্লার বরুড়া পৌরসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাতে ওই পৌরসভার শালুকিয়া এলাকার কাউন্সিলর প্রার্থী মাহফুজুর রহমানের কর্মী-সমর্থকদের বাড়িঘরে হামলা চালান একই এলাকার কাউন্সিলর প্রার্থী আমান উল্যাহর কর্মীরা।
পৌরসভা নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ড থেকে শালুকিয়া এলাকার মাহফুজুর রহমান কাউন্সিলর প্রার্থী হওয়ায় একই এলাকার বর্তমান কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থী আমান উল্যাহ ও তাঁর কর্মী-সমর্থকেরা মাহফুজুর রহমানের ওপর ক্ষুব্ধ হন। গত বুধবারের নির্বাচনে উভয় প্রার্থী পরাজিত হন। এতে আমান উল্যাহর কর্মীরা রাতে মাহফুজুরের সমর্থক ওই ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে তাঁকে মারধর ও তাঁর ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। এ সময় তাঁর ভাই রফিকুল ইসলামের ঘরেও হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়।
এ ছাড়া আমান উল্যাহর সমর্থকেরা গত বুধবার রাতে পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শালুকিয়া এলাকার আবদুল খালেকের ঘর এবং আবদুর রহমান ও খোরশেদ আলমের ঘর ও দোকান ভাঙচুর করেন। খবর পেয়ে রাতেই পুলিশ ও বিজিবি ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করে এবং হামলাকারীদের ধাওয়া করে। হামলায় শফিকুর রহমান গুরুতর আহত হন। তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে আমান উল্যাহর বক্তব্য নেওয়ার জন্য তাঁর মুঠোফোনে কল করা হয়। এ সময় মুঠোফোন ধরে তাঁর মেয়ে তাহমিনা আক্তার বলেন, ‘বাবা নির্বাচন করে ক্লান্ত হয়ে পড়েছেন। কথা বলতে পারবেন না। কারা এলাকার লোকজনের বাড়িতে হামলা করেছে, তা বলতে পারব না।’
কাউন্সিলর পদপ্রার্থী মাহফুজুর রহমান বলেন, ‘নির্বাচনে পরাজিত হয়ে আমান উল্যাহ ও তাঁর অনুসারীরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে হামলা চালিয়েছেন। এ ঘটনায় আমরা মামলা করব।’
বরুড়া থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ‘ওসি সাহেবের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে ভাঙচুরের আলামত দেখেছি এবং আহত একজনকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যেতে দেখেছি। তবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।’
প্রত্যক্ষদর্শী ও কচুয়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে কচুয়া পৌরসভার বিশ্বরোড বাইপাস এলাকায় ৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের বিজয়ী কাউন্সিলর প্রার্থী আবদুল্লাহ আল মামুন ও পরাজিত প্রার্থী কামাল হোসেন গাজীর সমর্থকেরা বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে কচুয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২ রাউন্ড গুলি ছোড়ে। পরে পরিস্থিতি সামাল দিতে বিজিবিও ঘটনাস্থলে আসে। সংঘর্ষে আহত ছয়জনের মধ্যে হালিম (৩০), ফারুক (২৮) ও নয়ন বেগমকে (৩০) প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আবস্থার অবনতি হওয়ায় হালিমকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইবরাহীম খলিল বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।