বরের গাড়িতে হামলা, কনেকে অপহরণ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বরের গাড়িতে হামলা চালিয়ে কনেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় বরসহ পাঁচজন আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আড়াইহাজার থানায় মামলা হয়েছে। মামলায় উপজেলার টেকপাড়া এলাকার মোফাজ্জল (২৪), আলমগীর (২০) ও রাকিবের (১৯) নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ অক্টোবর আড়াইহাজার উপজেলার একটি গ্রামের ওই কনের (১৮) সঙ্গে রূপগঞ্জ উপজেলার আরেকটি গ্রামের ওই বরের (২৫) কাবিন করা হয়। শুক্রবার সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠান শেষে কনের বাড়ি থেকে ব্যক্তিগত গাড়িতে করে বরপক্ষ রূপগঞ্জ যাচ্ছিল। পথে উপজেলার রসুলপুর এলাকায় মোফাজ্জলের নেতৃত্বে দুটি সিএনজিচালিত অটোরিকশা বরের গাড়ির গতি রোধ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে বরযাত্রীদের জিম্মি করে কনেকে অপহরণ করা হয়। এ সময় বাধা দিতে গেলে বরসহ পাঁচজনকে পিটিয়ে আহত করা হয়। পরে তাঁরা প্রাথমিক চিকিৎসা নেন।