বরের গাড়ি থেকে নববধূ ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বরের গাড়ির বহরে হামলা চালিয়ে অস্ত্রের মুখে নববধূকে তুলে নিয়ে গেছে একদল সন্ত্রাসী। তাদের হামলায় বরসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কনের বাবা বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ অক্টোবর আড়াইহাজার উপজেলার একটি গ্রামের ওই কনের (১৮) সঙ্গে রূপগঞ্জ উপজেলার আরেকটি গ্রামের ওই বরের (২৫) কাবিন করা হয়। শুক্রবার সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠান শেষে কনের বাড়ি থেকে ব্যক্তিগত গাড়িতে করে বরপক্ষ রূপগঞ্জ যাচ্ছিল। পথে উপজেলার রসুলপুর এলাকায় মোফাজ্জলের নেতৃত্বে দুটি সিএনজিচালিত অটোরিকশা বরের গাড়ির গতি রোধ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে বরযাত্রীদের জিম্মি করে কনেকে অপহরণ করা হয়। এ সময় বাধা দিতে গেলে বরসহ পাঁচজনকে পিটিয়ে আহত করা হয়। পরে তাঁরা প্রাথমিক চিকিৎসা নেন।

আড়াইহাজার থানায় এ ঘটনায় করা মামলায় বলা হয়, টেকপাড়া এলাকার মোফাজ্জল (২৪), আলমগীর (২০), রাকিবসহ (১৯) সাত-আটজন সন্ত্রাসী পিস্তল, চাপাতি, ছোরা নিয়ে হামলা চালায়। তারা বর ও বরযাত্রীদের পিটিয়ে নববধূকে জোর করে অটোরিকশায় তুলে মাধবদীর দিকে চলে যায়। মামলায় মোফাজ্জলকে এক নম্বর আসামি করা হয়।

নববধূর বাবার ভাষ্য, গত ঈদের দিন নামাজের পর একটি তুচ্ছ ঘটনায় এ সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে মারাত্মক আহত করে। এ ব্যাপারে সন্ত্রাসীদের বিরুদ্ধে আদালতে মামলা করায় তারা মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছিল।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, নববধূকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ তাকে উদ্ধারে ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে।