বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষে আহত ৫০
হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর গ্রামে গতকাল বুধবার আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন। এঁদের মধ্যে ২৭ জনকে হবিগঞ্জ সদর জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বেসরকারি কোম্পানি সদর উপজেলার নিজামপুর এলাকায় কিছু জমি কেনার উদ্যোগ নিয়েছে। জমি বেচাকেনায় মধ্যস্থতা করছেন নিজামপুর ইউপির চেয়ারম্যান তাজউদ্দিন ও সাবেক চেয়ারম্যান আবদুল আওয়াল তালুকদার। এ বিষয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুজনের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। গতকাল দুপুরে নিজামপুর গ্রামে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তাজউদ্দিনের পক্ষে যোগ দেন শরীফাবাদ, দরিয়াপুর, কান্দিগাঁও, গৌরাঙ্গের চক ও নিজামপুরের বাসিন্দারা। অন্যদিকে, আবদুল আওয়ালের পক্ষ নেন নিতাইর চক, কালারচক ও ধুলিয়াখাল গ্রামের লোকজন। প্রায় দেড় ঘণ্টার সংঘর্ষে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় এবং ইটপাটকেল ছোড়ে। এতে অন্তত ৫০ জন আহত হন। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। বেলা দেড়টার দিকে পরিস্থিতি শান্ত হয়।
সাবেক চেয়ারম্যান আবদুল আওয়াল মুঠোফোনে বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই। বর্তমান চেয়ারম্যানের (তাজউদ্দিন) বাধার কারণে কোম্পানির কাছে সরাসরি কেউ জমি বিক্রি করতে পারছে না। বিষয়টি নিয়ে চেয়ারম্যানের সমর্থকদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে।’
এ বিষয়ে জানতে তাজউদ্দিনের মুঠোফোনে ফোন করলে বন্ধ পাওয়া যায়। তাঁর সমর্থক শরীফাবাদ গ্রামের বাসিন্দা ফারুক মিয়া বলেন, ‘প্রতিহিংসার বশবর্তী হয়ে তিনি (আবদুল আওয়াল) এ ঘটনায় চেয়ারম্যানকে জড়াচ্ছেন। জমি কেনাবেচার সঙ্গে চেয়ারম্যান বা তাঁর লোকজন জড়িত নয়।’
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, একটি কোম্পানির কাছে জমি বেচাকেনার মধ্যস্থতা নিয়ে সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।