বর্ধমানকাণ্ডে জড়িত জেএমবি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইব্রাহিম শেখ ওরফে লাল মোহাম্মদ (৩২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বাংলাদেশের জামায়াতুল মুজাহিদীন বা জেএমবি’র পশ্চিমবঙ্গের শীর্ষ স্তরের একজন নেতা বলে জানিয়েছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।

গত শনিবার রাতে ঝাড়খন্ডের তিলভিট্টা স্টেশনের কাছ থেকে এনআইএ ঝাড়খন্ড পুলিশের সহযোগিতায় ইব্রাহিমকে গ্রেপ্তার করে। এনআইএ’র দাবি, ইব্রাহিম পশ্চিমবঙ্গে জেএমবির মাস্টারমাইন্ড বাংলাদেশি নাগরিক শেখ রহমতুল্লাহ ওরফে সাজিদ শেখের ডানহাত হিসেবে পরিচিত ছিলেন।

এনআইএ জানায়, ইব্রাহিম বাংলাদেশের জামায়াতুল মুজাহিদীন বা জেএমবি’র পশ্চিমবঙ্গের শীর্ষ স্তরের একজন নেতা। তিনি মুর্শিদাবাদের লালগোলার মুকিম নগর মাদ্রাসার প্রধান ছিলেন।

ঝাড়খন্ডের এডিজি (অপারেশনস) সত্যনারায়ণ প্রধান জানান, ভারতীয় নাগরিক হয়েও ইব্রাহিম জেএমবি’র গুরুত্বপূর্ণ রাজনৈতিক কমিটি সুরা’র সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে ইব্রাহিমকে খুঁজছিল এনআইএ। গত বছরের ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের পর তিনি সেখান থেকে পালিয়ে যান।

ঝাড়খন্ড রাজ্যের পাকুরের পুলিশ সুপার অনুপ বিরথারে জানান, গ্রেপ্তারের সময় ইব্রাহিমের কাছ থেকে একটি রিভলবার, ছয় রাউন্ড গুলি, চারটি বোমা, তথ্যসংবলিত একটি পেনড্রাইভ, ভিডিও ও জেএমবি’র বেশ কিছু প্রচারপত্র উদ্ধার করা হয়েছে।

এনআইএ আরও জানায়, ইব্রাহিম মুর্শিদাবাদের নবগ্রাম থানার সাহেবনগর গ্রামের বাসিন্দা। ঝাড়খন্ডের জঙ্গিদের নিয়োগকর্তা হিসেবে তিনি নিয়োজিত ছিলেন। তাঁর ঘাঁটি ছিল ঝাড়খন্ডের পাকুর এলাকায়। জিজ্ঞাসাবাদে ইব্রাহিম জানিয়েছেন, সাহেবগঞ্জ ও পাকুর এলাকা থেকে গত দেড় বছরে তিনি কমপক্ষে ১২ জন যুবককে জঙ্গি কাজে লাগিয়েছেন।

এই বিস্ফোরণের ঘটনায় ইব্রাহিমসহ ১৯ জনকে গ্রেপ্তার করা হলো। চলতি বছরের ৩০ মার্চ এই ঘটনায় জড়িত ২১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছিল এনআইএ।