ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ বলেছে, ভারতের বর্ধমানে শিমুলিয়ায় একটি মহিলা মাদ্রাসার ছাত্রীদের ‘জঙ্গি বানানোর’ কাজ করছিলেন ফাতেমা আক্তারসহ তিনজন। অন্তত ২৫ ছাত্রীকে অস্ত্র চালনার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
ডিবি জানায়, গত শনিবার রাতে রাজধানীর সদরঘাট থেকে ২০ মাসের সন্তানসহ ফাতেমা আক্তারকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্ধমান বিস্ফোরণের ঘটনায় ভারতে গ্রেপ্তার হওয়া রহমত উল্লাহ ওরফে সাজিদের স্ত্রী। গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে ডিবি। ডিবি জানিয়েছে, গতকাল ফাতেমাসহ চারজনকে আদালতে পাঠালে আদালত দুটি মামলায় ছয় দিন রিমান্ড মঞ্জুর করেছেন।
সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ফাতেমার সঙ্গে জেএমবির তিন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এঁরা হলেন আবদুল্লাহ কাজী, ইশারত আলী শেখ ও শওকত সরদার। ডিবির অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেনের তত্ত্বাবধানে সহকারী কমিশনার মাহমুদা লাকীর নেতৃত্বে একটি দল তাঁদের গ্রেপ্তার করে।
গত ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ের একটি বাড়িতে বোমা বিস্ফোরণে দুজন নিহত ও একজন আহত হন। এ ঘটনায় বাংলাদেশিরা জড়িত বলে শুরু থেকে বলছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। ৮ নভেম্বর কলকাতা থেকে রহমতউল্লাহকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ।
ডিবি জানিয়েছে, ওই গ্রেপ্তারের তিন দিন পর দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে দুই ছেলেকে নিয়ে অবৈধভাবে বাংলাদেশে চলে আসেন ফাতেমা। ১০ বছর বয়সী বড় ছেলেকে রাখতে তিনি বাগেরহাটে বাবার বাড়িতে যান। বাগেরহাটের পুলিশ ফাতেমাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়। পরে তিনি ছোট ছেলেকে নিয়ে রাজধানীতে এসে স্বামীর পূর্বপরিচিতদের কাছে আশ্রয় নেন। শনিবার ডিবি তাঁদের চারজনকে গ্রেপ্তার করে।