বর্ধমানে বিস্ফোরণ, মোনায়েমকে রিমান্ডে নেওয়ার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রধান সন্দেহভাজন শেখ রহমাতুল্লাহ ওরফে সাজিদের বড় ভাই মোনায়েম হোসেন ওরফে মনাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।

আজ বুধবার ভোরে তাঁকে নারায়ণগঞ্জ বন্দর থানায় পাঠানো হয়। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১-এর উপসহকারী পরিচালক নজরুল ইসলাম মোনায়েম হোসেনের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন।

র‌্যাবের মামলার অভিযোগের বরাত দিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ভারতে গ্রেপ্তার সাজিদ শীর্ষ জঙ্গি। মোনায়েম ওরফে মনা তাঁর ভাইকে জঙ্গি কর্মকাণ্ডে সহায়তা করতে পারেন ও প্ররোচনা দিতে পারেন। এ কারণে যাচাই-বাছাই করার জন্য তাঁকে (মোনায়েম) ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আইনি হেফাজতে রাখার জন্য অভিযোগ দিয়েছে র‌্যাব।
ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য মোনায়েমকে সাত দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জের নিজ বাড়ি থেকে র‌্যাব মোনায়েম হোসেনকে আটক করে। গতকাল রাত আটটার দিকে র‌্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২ অক্টোবর ভারতের বধর্মানের খাগড়াগড়ে বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন হিসেবে র‌্যাব-১১-এর একটি দল ফরাজীকান্দা থেকে মোনায়েমকে ভোররাত সাড়ে চারটায় আটক করেছে। কিন্তু তাঁকে জিজ্ঞাসাবাদ করে উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে ভারতের পশ্চিমবঙ্গের বধর্মানে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রধান সন্দেহভাজন শেখ রহমাতুল্লাহ ওরফে সাজিদই নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ফরাজীকান্দার মাসুম কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসন।