বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৩
ভারতের বর্ধমান বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নূর হোসেন ওরফে রফিকুল ইসলাম (২৬), ইয়াসির আরাফাত (২২) ও ওমর করিম (২৫)।
আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে দেওয়া গোয়েন্দা পুলিশের উপকমিশনার কৃষ্ণপদ রায়ের ভাষ্য, গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে লালবাগের এতিমখানা মোড় থেকে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।
উপকমিশনারের দাবি, আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি ডেটোনেটর, দুটি জেলবোমা, ১০০ গ্রাম বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। তাঁরা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। রোহিঙ্গা উগ্রপন্থী সংগঠনগুলোর সঙ্গে তাঁদের যোগসূত্র রয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে—এমনটা দাবি করে পুলিশের এই কর্মকর্তা বলেন, তাঁদের মধ্যে ওমর ১২ বছর, নূর হোসেন চার বছর ও ইয়াসির ছয় মাস যাবৎ বাংলাদেশে বাস করছেন।