বর্ধমানের বিস্ফোরণের ঘটনায় আটক ৩ জন এনআইএর হেফাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সোমবার হেফাজতে নিয়েছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। সংস্থাটি এ বিস্ফোরণের ঘটনা তদন্ত করছে।
এনআইএর হেফাজতে নেওয়া তিনজন হলেন রাজিয়া বিবি, আলিমা বিবি ও হাসেম মোল্লা। ২২ অক্টোবর পর্যন্ত এ তিনজন এনআইএর হেফাজতে থাকবেন। এনআইএর আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতার নগর দায়রা আদালত এ আদেশ দেন।
গত ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণে নিহত হন দুই ব্যক্তি। তাঁরা বাংলাদেশি নাগরিক বলে দাবি ভারতের গোয়েন্দা সংস্থার।
এনআইএর তদন্তকারী দল গতকাল বর্ধমানের মঙ্গলকোটের শিমুলিয়া মাদ্রাসা পরিদর্শন করে। এ সময় এই মাটির ঘরের মাদ্রাসা থেকে একটি ন্যানো গাড়ি উদ্ধার করা হয়। তদন্তকারী কর্মকর্তারা সন্দেহ করছেন, ওই বিস্ফোরণে জড়িত ব্যক্তিরা এই গাড়িটি ব্যবহার করত। গাড়িটিতে লাগানো হয়েছিল মুর্শিদাবাদের একটি মোটরসাইকেলের নম্বরপ্লেট। এ গাড়িতে খাগড়াগড়ের রাজিয়া, আলিমারাও নিয়মিত শিমুলিয়া মাদ্রাসায় আসতেন। এনআইএর ধারণা, শিমুলিয়া মাদ্রাসাই ছিল জিঙ্গদের মূল ঘাঁটি।