বর্ধিত কলেবরে রংপুর জাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জাতীয় পার্টির (এরশাদ) জেলা ও মহানগর আহ্বায়ক কমিটি বর্ধিত করা হয়েছে। গত শনিবার চার সদস্যের জেলা কমিটিকে ১২১ ও চার সদস্যের মহানগর কমিটিকে ১১৪ জনে উন্নীত করা হয়েছে। এই দুই কমিটির কোনোটিতেই জেলা ও মহানগর কমিটির সাবেক সভাপতি মসিউর রহমান রাঙ্গাকে রাখা হয়নি।

দলের একাধিক সূত্র জানায়, এইচ এম এরশাদের কারণে রংপুরে জাতীয় পার্টির রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দলীয় চেয়ারম্যান এরশাদ কয়েক দফায় রংপুরে ছুটে এলেও নেতা-কর্মীদের মধ্যে তেমন উৎসাহ-উদ্দীপনা দেখা যায়নি।

নেতা-কর্মীদের অভিযোগ, জাতীয় রাজনীতি নিয়ে দলের চেয়ারম্যান একেক সময় একেক কথা বলেন। এ ছাড়া দেড় বছর আগে রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টি একক প্রার্থী দিতে ব্যর্থ হয়ে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, পৌরসভার সাবেক মেয়র এ কে এম আবদুর রউফ ও যুব সংহতির সভাপতি এস এম ইয়াসিরকে দল থেকে বহিষ্কার করে।

বর্তমানে এই নেতাদেরই দলের গুরুত্বপূর্ণ পদে বহাল করে নতুন কমিটি গঠন করা হয়েছে। কিন্তু স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান বাদ পড়ায় তাঁর নেতৃত্বাধীন একটি বড় অংশ দলের কার্যালয় নিয়ন্ত্রণে রেখেছে। এসব কারণে জাতীয় পার্টির দুটি পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে।

মোরশেদুল ইসলাম নামের এক কর্মী বলেন, দলের আগের মতো অবস্থানে ফিরে যাওয়া সম্ভব নয়। যেভাবে দুটি পক্ষ হয়েছে, তাতে অনেকেরই রাজনীতি করার ইচ্ছা নেই।

মহানগর কমিটির সদস্যসচিব এস এম ইয়াসির বলেন, ‘১০ সেপ্টেম্বর শুধু আহ্বায়ক, সদস্যসচিব ও দুজন যুগ্ম আহ্বায়ক নির্বাচন করে জেলা ও মহানগর কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে নতুন কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছিল। সে অনুযায়ী আমরা সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে কর্মিসভা করে মহানগরের ১১৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছি।’

জেলা কমিটির সদস্যসচিব আসিফ শাহরিয়ার বলেন, ‘মাঠপর্যায়ে নেতা-কর্মীরা নতুন কমিটির পক্ষে আছেন। দলীয় চেয়ারম্যান আমাদের শান্তিপূর্ণভাবে দলের কার্যক্রম পরিচালনা করতে বলেছেন। তাই আমরা দলীয় কার্যালয়ে যেতে চাই না।’

দলীয় কার্যালয় নিয়ন্ত্রণে রাখার বিষয়ে বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম বলেন, প্রেসিডিয়াম সদস্যপদে মসিউর রহমানকে পুনর্বহাল না করা পর্যন্ত দলীয় কার্যালয় ছাড়া হবে না।