বর্ধিত ফি না দেওয়ায় বই উৎসব থেকে বঞ্চিত

বর্ধিত ভর্তি ফি দিয়ে ভর্তি না হওয়ার কারণে রাজশাহী নগরের শহীদ নজমুল হক বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা বই উৎসব থেকে বঞ্চিত হয়েছে। অভিযোগ উঠেছে, ১ জানুয়ারি বই উৎসবের দিনে অতিথি ডেকে মাত্র ১৫ জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হয়। বাকি শিক্ষার্থীদের ফিরিয়ে দেওয়া হয়।
গতকাল অভিভাবকেরা এর প্রতিবাদে বিক্ষোভ করেন। অবশেষে সভাপতির হস্তক্ষেপে বই বিতরণ করা হয়। বর্ধিত ফিও প্রত্যাহার করা হয়।
শহীদ নজুমল হক বালিকা উচ্চবিদ্যালয় রাজশাহী নগরের প্রাণকেন্দ্রে কাদিরগঞ্জ এলাকায় অবস্থিত। এ বিদ্যালয়ের শিক্ষার্থী এক হাজার ৮০০ জন। ইতিমধ্যে বিদ্যালয়টি সরকারীকরণের প্রক্রিয়া চলছে। অভিভাবকেরা জানান, এর আগে এই বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তি ফি ছিল ১ হাজার ২০০ টাকা। এবার তা বাড়িয়ে করা হয়েছে ২ হাজার ৭০০ টাকা।
এক অভিভাবক জানান, তাঁর বাচ্চা তৃতীয় শ্রেণি থেকে এবার চতুর্থ শ্রেণিতে উঠেছে। ১ জানুয়ারি সারা দেশে বই উৎসবের কথা শুনে তাঁর বাচ্চাও বিদ্যালয়ে যায়। তাদের দুপুর পর্যন্ত লাইন ধরে দাঁড় করিয়ে রেখে অতিথির হাত দিয়ে শুধু ক্লাসের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী বাচ্চাদের হাতে বই তুলে দেওয়া হয়। বাকি বাচ্চাদের বলা হয় ভর্তি হলে তারা বই পাবে। বাচ্চা বই না নিয়ে মন খারাপ করে খালি হাতে বাড়ি ফিরে আসে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন আহমেদ বলেন, বর্ধিত ভর্তি ফি আদায়ের জন্য বই আটকানোর অভিযোগ সত্য নয়। গত সোমবার ১২০ জন শিক্ষার্থী বর্ধিত ফি দিয়েই ভর্তি হয়েছে। তাদের বই দেওয়া হয়েছে।