বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কারমাইকেল কলেজে কম্পিউটার বিজ্ঞানবিষয়ক স্নাতকোত্তর পর্বের ফরম পূরণে বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
গতকাল সকাল ১১টায় বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে করে। সাধারণ শিক্ষার্থী মাহফুজ হোসেনের সভাপতিত্বে সমাবেশে সংহতি জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার সভাপতি আবু রায়হান বকসি, ছাত্র ইউনিয়ন কলেজ শাখার সভাপতি প্রদীপ রায়, ছাত্র ফেডারেশন কলেজ শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাধারণ শিক্ষার্থী আবদুল কাইয়ুম, মোকাররম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিনিয়ত শিক্ষার যে বাণিজ্যিকীকরণের প্রচেষ্টার ফলাফলই হচ্ছে কারমাইকেল কলেজে প্রতিবছর বিভিন্ন পর্যায়ে ফি বৃদ্ধি। আর ফরম পূরণের সময় ফি বাড়ানোর যেন মহোৎসব চলে। কলেজ কর্তৃপক্ষ অযৌক্তিকভাবে কম্পিউটার বিজ্ঞান বিষয়ে গত বছরের চেয়ে ১ হাজার ২০০ টাকা ফি বাড়িয়ে এক হাজার ৯০০ টাকা করেছে। গত বছর এই ফি ছিল ৭০০ টাকা। এই বর্ধিত ফি প্রত্যাহার না করলে আজ বৃহস্পতিবার থেকে ফরম পূরণের কার্যক্রমই বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেন বক্তারা।
কলেজের অধ্যক্ষ মোকসেদ আলী গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ধরনের বিক্ষোভের কথা তাঁর জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে তিনি মন্তব্য করেন।