উত্তেজনা এবং পাল্টাপাল্টি অভিযোগ করার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া শহরে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে ওই সভা হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বেলা ১১টায় সভা শুরু হয়। বর্ধিত সভার শুরুতে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সদ্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে মিলনায়তনের বাইরে দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন। এ সময় মিলনায়তনের বাইরে একটি অংশকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নামে এবং আরেকটি অংশকে সহসভাপতি হেলাল উদ্দিনের নামে স্লোগান দিতে দেখা গেছে। সকাল থেকেই সেখানে উত্তেজনা বিরাজ করছিল।
বর্ধিত সভার প্রথম অংশে জেলা ও উপজেলার বিভিন্ন নেতা বক্তব্য দেন। সেখানে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি হেলাল উদ্দিন, সহসভাপতি তাজ মো. ইয়াসিন, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সমালোচনা করেন।
হেলাল উদ্দিন বলেন, সম্মেলন হওয়ার পর তাঁকে ছাড়াই জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। তাঁর কোনো মতামত নেওয়া হয়নি। কমিটি থেকে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল হক, তফসিরুল ইসলাম, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শফিকুল আলম, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিনারা আলমকে বাদ দেওয়া হয়েছে।
তাজ মো. ইয়াসিন বলেন, সদর উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিটি জায়গায় প্রার্থী বাছাইয়ে অনেক টাকার খেলা হয়েছে। আর্থিক লেনদেন নিয়ে শহরে আলোচনা রয়েছে।
সভায় স্থানীয় সাংসদ উবায়দুল মোকতাদির চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফজিলাতুন্নেছা বাপ্পীসহ জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে সাংসদ উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘জেলা পরিষদ নির্বাচনে শেখ হাসিনার দেওয়া প্রার্থীর বিপক্ষে অনেকেই অবস্থান নিয়েছেন।’
সাংসদ আরও বলেন, ‘নাসিরনগরের ঘটনা আওয়ামী লীগের জন্য একটি কলঙ্কজনক অধ্যায় হয়েছে। নাসিরনগরের সাংসদ ছায়েদুল হক অভিযোগ করেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি ৭৫ লাখ টাকা এবং সাধারণ সম্পাদক আল মামুন সরকার ৪০ লাখ টাকা নিয়েছি। নাসিরনগরের এই সাম্প্রদায়িক ঘটনাটি না ঘটলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করতাম।