বর্ষবরণ অনুষ্ঠান নিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগে একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার রাসেল সরদার
ছবি: সংগৃহীত

বাংলা বর্ষবরণ অনুষ্ঠান নিয়ে ফেসবুকে আতঙ্ক ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ।

পুলিশের দাবি, গ্রেপ্তার রাসেল সরদার ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন বিতর্কিত পোস্ট দিয়ে আসছিলেন। এসব পোস্টে বলা হয়, পয়লা বৈশাখের অনুষ্ঠানে যাবেন না। সেখানে বোমা হামলা হতে পারে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড থেকে রাসেল সরদার ওরফে রাজ (২১) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

অভিযান পরিচালনাকারী পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের সহকারী কমিশনার সুরঞ্জনা সাহা বুধবার রাতে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, জিজ্ঞাসাবাদে রাসেল সরদার বলেছেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রমতাদর্শী পোস্ট ও ভিডিও দেখে উৎসাহিত হয়েছেন।

সুরঞ্জনা সাহা বলেন, রাসেল ভুয়া ফেসবুক আইডি খুলে নিজের পরিচয় গোপন রেখে গাজওয়াতুল হিন্দ নামক একটি ধর্মীয় উগ্রমতবাদী সংগঠনে যোগ দিতে ইচ্ছা প্রকাশ করে পোস্ট দেন। অন্যদেরও এতে যোগ দেওয়ার আহ্বান জানান। রাসেল খুলনার একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশল বিভাগে পড়াশোনা করতেন। করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে নারায়ণগঞ্জের একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি নেন।

সিটিটিসি সূত্র জানিয়েছে, রাসেলের বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার তিন দিনের রিমান্ড নেওয়া হয়েছে।