ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ছাত্রলীগের ৫ কর্মী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখে আদিবাসী এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় নিপীড়নের এ ঘটনা ঘটে। ওই ছাত্রী আজ বৃহস্পতিবার দুপুরে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। 

এ ঘটনার পর ছাত্রলীগের ওই পাঁচ নেতা-কর্মীকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আজ রাতে অভিযুক্ত ব্যক্তিদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এদিকে বাংলা বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকজন নারীকে যৌন হয়রানির ঘটনা ঘটে। এ ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে আজ রুল দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ।

শিক্ষার্থী ও ঘটনার প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলা বর্ষবরণের দিনে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অনুষ্ঠান শেষে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিভাগের এক বন্ধুকে সঙ্গে নিয়ে প্রীতিলতা হলে ফিরছিলেন ওই বিভাগের প্রথম বর্ষের এক আদিবাসী ছাত্রী। ক্যাম্পাসের পরিবহন চত্বর সংলগ্ন চৌরঙ্গীতে আসার পর দুজন তাঁদের দাঁড় করিয়ে কথা বলেন। পাশেই আরও তিনজন উপস্থিত ছিলেন। ওই পাঁচজন হলেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নিশাত ইমতিয়াজ বিজয়, নৃবিজ্ঞান বিভাগের আবদুর রহমান ইফতি ও নুরুল কবির, রসায়ন বিভাগের নাফিজ ইমতিয়াজ, ভূগোল ও পরিবেশ বিভাগের রাকীব হাসান।
নিশাত ইমতিয়াজ বিজয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য, নাফিজ ইমতিয়াজ বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হল শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক ও বাকিরা ছাত্রলীগের কর্মী। এঁরা সবাই বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হলের আবাসিক শিক্ষার্থী।
কথা বলার একপর্যায়ে তাঁদের কেউ একজন ওই ছাত্রীর ব্যাগ ছিনিয়ে পাশের ঝোপে ঢুকে পড়েন। তখন তাঁরা দুজনও ঝোপের ভেতর ঢুকে পড়েন। ঝোপের মধ্যেই ওই পাঁচজনের সঙ্গে ওই ছাত্রীর বাগ্‌বিতণ্ডা হয়। এ নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের দুজনকে মারধর এবং গালিগালাজ করেন। ছাত্রলীগের কর্মী নুরুল কবির ছাত্রীর ব্যাগ থেকে ৫০০ টাকা ও মোবাইল ছিনিয়ে নেন। নিশাত ইমতিয়াজ ওই ছাত্রীকে উদ্দেশ করে ‘অশ্লীল’ মন্তব্য করেন। এ সময় তাঁরা ওই ছাত্রীর হাত ধরে জোর করে বসানোর চেষ্টা করেন। এ পর্যায়ে রাকীব হাসান ছাত্রীর শাড়ি ধরে টান দিলে তিনি চিৎকার দেন। চিৎকার শুনে আশপাশের মানুষ জড়ো হলে ছাত্রলীগের নেতা-কর্মীরা পালিয়ে যান।
ওই ছাত্রী তাঁর হলের জ্যেষ্ঠ ছাত্রীদের এ ঘটনা জানান। পরদিন গতকাল বুধবার দিনভর ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের সঙ্গে সমঝোতার চেষ্টা করেন। ছাত্রীরা রাজি না হওয়ায় বুধবার রাত নয়টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রীতিলতা হলের জ্যেষ্ঠ কয়েকজন ছাত্রী এবং কয়েকজন আদিবাসী শিক্ষার্থীর সঙ্গে আলোচনা করেন। খবর পেয়ে শিক্ষার্থী ও সাংবাদিকেরা হলের সামনে এলে আলোচনা অসমাপ্ত রেখেই ছিনিয়ে নেওয়া মোবাইলটি এক ছাত্রীর হাতে দিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা চলে যান।
এরপর আজ বৃহস্পতিবার হলের জ্যেষ্ঠ ছাত্রীদের সঙ্গে নিয়ে প্রথমে প্রক্টর তপন কুমার সাহার কাছে এবং পরে উপাচার্য ফারজানা ইসলামের কাছে লিখিত অভিযোগ জমা দেন ওই ছাত্রী। হলের ছাত্রীরা অভিযোগ করেন, লিখিত অভিযোগ জমা দেওয়ার সময় সেখানে প্রক্টরিয়াল বডির কোনো নারী সদস্য উপস্থিত ছিলেন না। এ ছাড়া প্রক্টর ঘটনাটির ‘গুরুত্ব’ দেননি বলেও উপাচার্যের কাছে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ দিকে এ ঘটনার পর ছাত্রলীগের ওই পাঁচ নেতা-কর্মীকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে বলে আজ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ব্যাপারে অভিযুক্ত নিশাত ইমতিয়াজসহ ছাত্রলীগের কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা কোন মন্তব্য করতে রাজি হননি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ প্রথম আলোকে বলেন, ‘লাঞ্ছিত ছাত্রীর ভাই হিসেবে অভিযুক্তদের শাসন করেছি। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আমরা প্রশাসনকেও ব্যবস্থা নিতে অনুরোধ করেছি।’
প্রক্টর ঘটনাটির ‘গুরুত্ব’ দেননি-এ অভিযোগে ব্যাপারে জানতে চাইলে প্রক্টর তপন কুমার সাহা বলেন, শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ হয়েছে। বিষয়টি গুরুত্ব না দেওয়া ও দায়িত্ব অবহেলার অভিযোগ বানোয়াট।
উপাচার্য ফারজানা ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তা যৌন নিপীড়নবিরোধী সেলের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। প্রক্টর ঘটনাটির গুরুত্ব দেননি-এ বিষয়ে তিনি বলেন, প্রক্টর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। যৌন নিপীড়নবিরোধী সেলকে এ বিষয়ে জানিয়েছেন।

ছাত্রলীগের কর্মীদের বিচারের দাবিতে বিক্ষোভ
এ ঘটনায় আজ রাত আটটার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে পরিবহন চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সমাবেশে শিক্ষার্থীরা অভিযুক্ত ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।