নারী লাঞ্ছনার ঘটনায় এক উপপরিদর্শককে প্রত্যাহার
বর্ষবরণ উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় নারীদের লাঞ্ছিত করার ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলমকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার সময় আশরাফুল ওই এলাকায় দায়িত্বরত ছিলেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম। ওসির ভাষ্য, ছাত্র ইউনিয়নের ছেলেরা বলছেন, তাঁরা এক যৌন নিপীড়ককে ধরে আশরাফুলের কাছে সোপর্দ করেছেন। কিন্তু আশরাফুল বলছেন, এমন কাউকে তাঁর কাছে দেওয়া হয়নি। এরপর গত বুধবার তাঁকে প্রত্যাহার করা হয়।
ওসি সিরাজুল আরও বলেন, আশরাফুলের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যানের গেটে এসে যৌন হয়রানির শিকার হয়েছেন কয়েকজন নারী। নিপীড়নকারীদের ঠেকাতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন শাখার সভাপতি লিটন নন্দীর হাত ভেঙেছে। অভিযোগ উঠেছে, পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে এই ঘটনা জানানো হলেও তাঁরা যথাসময়ে ব্যবস্থা নেননি।
ঘটনার প্রতিবাদে পরের দিন বুধবার ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন ও প্রগতিশীল ছাত্রজোট। তারা অভিযোগ করেছে, পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বহীনতার কারণেই যেকোনো উৎসবের দিনে এ ধরনের ঘটনা ঘটে। তারা ক্লোজ সার্কিট ক্যামেরা দেখে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে লিটন নন্দী বলেন, ‘এ দৃশ্য বর্ণনা করা যায় না। আমি আমার পাঞ্জাবি খুলে এক নারীকে দিয়েছিলাম। আরেকটি মেয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। ওই যুবকেরা ভিড়ের মধ্যে দীর্ঘক্ষণ ধরে এই ঘটনা ঘটাচ্ছে। আমরা পুলিশ সদস্য ও প্রক্টরকে ঘটনা জানালেও তাঁরা কেউ যথাসময়ে আসেননি। ছাত্র ইউনিয়নের ছেলেরা পরে প্রক্টরের কার্যালয়ে গিয়ে দেখেন তিনি কম্পিউটারে গেমস খেলছেন।’ জড়িতদের কাউকে চিনতে পেরেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বেশির ভাগই বহিরাগত ছিল, তবে ক্যাম্পাসের দু-একজন থাকতেও পারে। তবে কেউ চেনামুখ নয়।’
ছাত্র ইউনিয়নের সহসাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘সোহরাওয়ার্দীর গেটে যখন এই ঘটনা ঘটছিল, তখন সেখানে মাত্র দুজন পুলিশ সদস্য ছিল। টিএসসির ডাচ-বাংলা বুথের দিকে বেশ কয়েকজন পুলিশ সদস্য ছিল। আমরা তাঁদের এগিয়ে আসতে বললেও তাঁরা তখন রাজি হননি। ঘটনাস্থল থেকে আমরা দুজনকে ধরিয়ে দিয়েছিলাম। কিন্তু পুলিশ পরে তাঁদের ছেড়ে দিয়েছে বলে জানতে পারি।’
আরও জানতে পড়ুন: